সিরাজগঞ্জে হালকা শীতে বেড়েছে চিতই পিঠার কদর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-১১-২০২৬ ০৩:২১:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১১-২০২৬ ০৩:২১:৩৯ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
শীতের হালকা আমেজ পড়তেই সিরাজগঞ্জে বেড়েছে চিতই পিঠার কদর। গরম গরম পিঠার সঙ্গে সরিষা, ধনেপাতা, শুটকি ও কাঁচামরিচ-পেঁয়াজের ভর্তা। পিঠাও রয়েছে দুই ধরনের - সাধারণ চিতই ও ঝাল চিতই। ১০ টাকার পিঠার সঙ্গে বাহারি ভর্তার স্বাদ নিতে সকাল-সন্ধ্যায় ভিড় করছেন নানা বয়সী মানুষ।
সিরাজগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে শুরু করে গ্রামের হাটবাজারেও দেখা মিলছে চিতই পিঠার ছোট ছোট দোকান। ভোরের আলো ফোটার পর কিংবা সন্ধ্যা নামতেই বসে এসব পিঠার আয়োজন। কোনো দোকানে একাধিক খোলায় বা পাতিলে একের পর এক পিঠা তৈরি করছেন বিক্রেতারা। এরপরও অনেক সময় ক্রেতাদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
চিতই পিঠার রয়েছে আলাদা দুই ধরনের স্বাদ ও বৈশিষ্ট্য। একটি সাধারণ চিতই পিঠা, যা লবণ মিশিয়ে তৈরি করা হয় এবং দেখতে সাদা রঙের। অন্যটি ঝাল চিতই পিঠা, যা সাধারণত হলুদ রঙের হয়ে থাকে। ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নিচ্ছেন দুই ধরনের পিঠা। প্রতিটি পিঠা বিক্রি হচ্ছে ১০ টাকায়। এর সঙ্গে একটি ডিম নিলে দাম পড়ছে ৩০ টাকা।
পিঠার সঙ্গে পরিবেশন করা হচ্ছে বাড়িতে তৈরি বিভিন্ন ধরনের মুখরোচক ভর্তা। এর মধ্যে রয়েছে সরিষা, ধনেপাতা, শুটকি এবং কাঁচামরিচ-পেঁয়াজের ভর্তা। হালকা শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা গরম পিঠার সঙ্গে ঝাল ঝাল ভর্তার স্বাদ নিতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। কেউ দাঁড়িয়ে পিঠা খাচ্ছেন, আবার কেউ পরিচিতজনদের সঙ্গে আড্ডা দিতে দিতে উপভোগ করছেন এই খাবার।
চিতই পিঠা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, প্রতিটি পিঠা ১০ টাকা করে বিক্রি করি। ডিম ছাড়াই বেশির ভাগ মানুষ পিঠা খান। হাটের দিন বিক্রি বেশি হয়। তবে অন্যান্য দিনেও সন্ধ্যায় মানুষ আড্ডা দিতে দিতে পিঠা খেতে আসেন।
স্থানীয় কৃষক রফিক আলী বলেন, সন্ধ্যায় ক্ষুধা লাগে। তখন ১০ টাকার একটি চিতই পিঠা খেয়ে সঙ্গে ৫ টাকার একটি লাল চা পান করি। এতেই ক্ষুধা মিটে যায়। পিঠা খেতেও বেশ সুস্বাদু। দাম কম, আবার স্বাদও ভালো।
পিঠা খেতে আসা আরেক ক্রেতা বলেন, শীতের সময় গরম গরম চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে সরিষা ও শুটকি ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। দুই ধরনের পিঠা থাকায় পছন্দমতো খাওয়ার সুযোগ রয়েছে।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চিতই পিঠার চাহিদাও আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। আর কম দামে গরম পিঠা, বাহারি ভর্তা ও এক কাপ লাল চায়ের স্বাদ নিতে সন্ধ্যার আড্ডায় এসব দোকান হয়ে উঠছে স্থানীয় মানুষের পরিচিত এক মিলনস্থল।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স