প্রকৃতির কোলে ফুটবল উৎসব: জনপ্রিয় হচ্ছে সাগরপাড়ের খেলা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-১১-২০২৬ ০৩:০২:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১১-২০২৬ ০৩:০২:৫৫ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
এক পাশে নীল সমুদ্র, অন্য পাশে সবুজ ঝাউবন—মাঝখানে বিস্তীর্ণ বালিয়াড়ি। প্রকৃতির এমন অপূর্ব সৌন্দর্যের মাঝে ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছিল কক্সবাজারের প্যাঁচার দ্বীপের মারমেইড বিচ। সাগরপাড়ের ফুটবলকে জনপ্রিয় করা, শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং পর্যটকদের জন্য ভিন্নধর্মী বিনোদনের আয়োজন সব মিলিয়ে বসেছিল ‘অনূর্ধ্ব-১৫ মারমেইড বিচ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। খুদে ফুটবলারদের লড়াই দেখতে ছুটে আসেন স্থানীয় দর্শকের পাশাপাশি পর্যটকরাও।
বালুচরজুড়ে টানটান উত্তেজনা, চারপাশে দর্শকদের উচ্ছ্বাস আর মাঠে খুদে ফুটবলারদের দুর্দান্ত লড়াই। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলে। এরপর টাইব্রেকারে ৫-৩ গোলের জয় নিয়ে শিরোপা ঘরে তোলে ‘দুরন্ত ঢেউ’। এর মধ্য দিয়ে পর্দা নামে জমজমাট এই ফুটবল আসরের।
গত শুক্রবার কক্সবাজারের রামু উপজেলার প্যাঁচার দ্বীপের মারমেইড বিচে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় ‘দুরন্ত ঢেউ’ ও ‘চাঁদের নৌকা’। শুরু থেকেই দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। চাঁদের নৌকার অধিনায়ক শাহেদ করেন দু’টি গোল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘দুরন্ত ঢেউ’।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জিগার। পুরো আসরে তার গোলসংখ্যা সাত। একই দলের তাহসিন নির্বাচিত হয়েছেন সেরা গোলরক্ষক।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন ‘দুরন্ত ঢেউ’ পেয়েছে ১০ হাজার টাকা এবং রানার্সআপ ‘চাঁদের নৌকা’ পেয়েছে ৫ হাজার টাকা। এছাড়া সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষককে দেয়া হয় ১ হাজার টাকা করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী সোহাগ। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন রেফারি রেদুয়ান হাসান চৌধুরী। বিজয়ী ও রানার্সআপ দলের পাশাপাশি ব্যক্তিগত বিভাগে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
আনিসুল হক চৌধুরী সোহাগ বলেন, ‘শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা, নতুন ফুটবল প্রতিভা তুলে আনা এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও দলগত মনোভাব গড়ে ওঠে। পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন ও প্রকৃতি সংরক্ষণেও তাদের সচেতন করে তোলার সুযোগ তৈরি হয়।’
ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের আয়োজনে এবারের টুর্নামেন্টে অংশ নেয় ছয়টি দল দুরন্ত ঢেউ, চাঁদের নৌকা, লাল কাঁকড়া, সবুজ শৈবাল, সাগরলতা ও প্রবালকুঁড়ি। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল মারমেইড বিচ রিসোর্ট, মারমেইড ইকো রিসোর্ট, দরিয়া বিচ ক্যাফে, তীরে নীড় ও চাঁদের বাড়ি।
খুদে ফুটবলারদের প্রাণবন্ত লড়াই, দর্শকদের উচ্ছ্বাস আর পুরস্কার বিতরণের আনন্দে দিনশেষে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে প্যাঁচার দ্বীপের বালুকাময় সৈকত। সমুদ্র, ঝাউবন আর বালিয়াড়ির মাঝে এমন আয়োজন শুধু ফুটবল নয়, প্রকৃতি ও পর্যটনের সঙ্গে নতুন প্রজন্মের এক সুন্দর মেলবন্ধনও তৈরি করেছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স