তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-১১-২০২৬ ০২:৩৯:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১১-২০২৬ ০২:৩৯:১৩ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
রংপুর জেলার পীরগাছায় পানি শুন্য তিস্তা নদীর চরে সেতু নির্মাণের দাবিতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দুইদিনব্যাপী শুরু হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের তিস্তা নদীর পানিয়ালের ঘাট সংলগ্ন চরে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবারও ঘোড়দৌড় প্রতিযোগিতা চলবে। আর এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো উৎসুক জনতা ভিড় জমায়।
এলাকাবাসীর দাবি, রংপুরের পীরগাছা, কুড়িগ্রামের উলিপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কয়েক লক্ষ মানুষ এই ঘাট দিয়ে চলাচল করে। সেতু না থাকায় তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। তিন জেলার সংযোগ স্থাপনকারী একটি সেতু নির্মিত হলে কয়েক লক্ষ মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে। সমৃদ্ধ হবে এখানকার অর্থনীতি।
দীর্ঘদিন থেকে এই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। সরকার যায়,সরকার আসে, কিন্তু এখানে সেতু নির্মাণ না হওয়ায় হতাশ জনগণ। তাই সেতু নির্মাণের দাবিতে আয়োজন করা হয় ব্যতিক্রমী ঘোড়দৌড় প্রতিযোগিতা।
এতে বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে বিজয়ী হয় মাত্র ৬ বছর বয়সী পঞ্চগড়ের সাব্বির। ঘোড়দৌড় দেখতে নদীর দুই পাড়সহ আশপাশের এলাকা থেকে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে। এ সময় দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।
জানা গেছে, রংপুরের পীরগাছা,কুড়িগ্রামের উলিপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ যোগাযোগস্থলে তিস্তা নদী অবস্থিত। তিন জেলার মানুষ দীর্ঘদিন ধরে পীরগাছার পানিয়ালের ঘাট থেকে উলিপুরের থেতরাই দিয়ে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সেতু না থাকায় তিন জেলার বিস্তীর্ণ এলাকার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ফলে বর্ষা মৌসুমে নৌকা এবং শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়িই এই এলাকার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম ভরসা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। পাশাপাশি কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নেয়াও কঠিন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা নাহিদ ইসলাম ও সাইফুল ইসলাম বলেন, পানিয়ালঘাটে একটি সেতু নির্মিত হলে রংপুরের পীরগাছা ও কুড়িগ্রামের উলিপুরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। একইসঙ্গে শিক্ষা,চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
আয়োজক কমিটির প্রধান শাকিল সরকার বলেন, কয়েক দফায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।
পীরগাছা উপজেলার ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, এই সেতুটি নির্মাণের জন্য কারিগরি পর্যবেক্ষণ চলছে। মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে কয়েকবার উচ্চপর্যায়ের একটি টিম এসে দেখেও গেছে। সম্ভব্যতা যাচাই শেষ হলেই সেতুটি নির্মাণ করা সম্ভব হবে বলে জানান তিনি। তবে এটি সময় সাপেক্ষ ব্যাপার।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স