ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ পরিদর্শন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৬:০৮:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৬:৩৯:৪৫ অপরাহ্ন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ​ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘আপনারা এই দেশেরই মানুষ আপনারা শান্তিপ্রিয়। তাই না? আমি মনে করি আপনারা শান্তিরক্ষার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে সহযোগিতা করে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এটি আমার অনুরোধ।

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামীতেও ভালো থাকবে। আপনারা সবাই মিলে যারা যারা অশান্তি তৈরি করে তাদের বিপক্ষে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি নয়।’

দেশে যদি আইন মেনে চলা নাগরিক না থাকে, আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? প্রশ্ন তুলে তিনি বলেন, ধরেন এখানে ১০ লাখ লোক আছে, আর পুলিশ আছে ২০ জন। থানায় যদি এই ২০ জনের প্রতি আপনাদের মানসিক সমর্থন বা সার্বিক সহযোগিতা না থাকে, তাহলে তারা কাজ করতে পারবে না।

আইজিপি বলেন, ‘আপনারা যদি চান, পুলিশ এখানে দরকার নেই, আপনারা আপনাদের আইনশৃঙ্খলা মেইনটেইন করেন।’

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, ‘আপনারা কি চান আইনগত ব্যবস্থা? আসল কথা হলো জনগণ যা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। আইন ও সংবিধান অনুযায়ী যা দরকার, সবই করবে।’

এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। পরিণতি কী হয়, তা আপনারা দেখেছেন। আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষে।’

এর আগে সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি মো. আলী হোসেন ফকির। তার সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

গত প্রায় ১০ দিন ধরে গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটান আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা। ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, থানা, বিজিবির গাড়ি এবং বিএনপির সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এর মধ্যে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা, ৩ সংসদ সদস্যের বাড়ি এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখযোগ্য। ধারাবাহিক এসব ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

গত কয়েকদিনের অস্থিরতার পর আজ সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এদিন সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ