ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৫:৫৪:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৫:৫৪:৫৩ অপরাহ্ন
​বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রীর ​ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘পরাজিত, পতিত ও নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র করতে দেয়া হবে না। ভারত থেকে আসা টেলিফোনে প্ররোচিত হয়ে কেউ যেন নিজের জীবন বিলিয়ে না দেন।’

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার মোকামতলা উপজেলায় প্রধানমন্ত্রীর তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ২ হাজার ৭০০ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা ও পানি পানের মগ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘গোপালগঞ্জের দুটি থানায় আগুন দেয়া হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারকে একবিন্দুও নাড়ানো যাবে না। জনগণের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ বল প্রয়োগসহ প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে।’

প্রতিমন্ত্রী বলেন, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে। মানবাধিকার লঙ্ঘন না করে আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। পরিস্থিতির উন্নতি না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, পরাজিত, পতিত, পলাতক ও নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না। দেশের মাটিতে তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে যারা চেষ্টা ও ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

বিদেশ থেকে টেলিফোন পেয়ে কেউ যেন উসকানিতে পা না দেন, সে আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা দূর থেকে নির্দেশ দিচ্ছেন, তাদের দেশে এসে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি।

অনুষ্ঠানে মোকামতলা এলাকার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা হাইস্কুল মাঠে যাওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ কাজেরও ফলক উন্মোচন করবেন বলে জানান তিনি।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, মোকামতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম, মীর শাকরুল আলম সীমান্ত, সদস্যসচিব রোকনউদ্দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, নুরে আলম মামুন তালুকদার, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ ও সদস্যসচিব উজ্জ্বল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ৬৪ হাজার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ