ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের মতো পেঁচানো বাঁশের সাঁকোয় দুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৩:১৩:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৩:১৩:০২ অপরাহ্ন
সাপের মতো পেঁচানো বাঁশের সাঁকোয় দুর্ভোগ চরমে ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ভেঙে যাওয়া সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের একটি গুরুত্বপূর্ণ সড়ক ছয় বছরেও পুনর্নির্মাণ হয়নি। সড়কের প্রায় ৭০০ ফুট অংশ বিলীন হয়ে যাওয়ায় সাত গ্রামের কয়েক হাজার মানুষকে বাঁশের অস্থায়ী সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষা এলে দুর্ভোগ আরও বাড়ে। শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের পারাপারে তৈরি হয় বাড়তি ঝুঁকি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৬ বছর ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্কুল-কলেজে যাতায়াত, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন ও বাজারে যাওয়াসহ দৈনন্দিন প্রয়োজনেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

জানা গেছে, ২০২০ সালের ঘূর্ণিঝড় আম্ফানের সময় জলোচ্ছ্বাসের প্রবল স্রোতে প্রতাপনগরের গড়ইমহল সড়কের একটি বড় অংশ ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় নৌকায় পারাপার করে চলাচল করতে হয়েছে এলাকাবাসীকে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে কোনোভাবে যোগাযোগব্যবস্থা চালু রাখা হয়।

বর্তমানে কুড়িকাহুনিয়া, সনাতনকাঠি, নাকনা, গোকুলনগর, গোয়ালকাটি ও শ্রীপুরসহ সাত গ্রামের মানুষ এই পথ ব্যবহার করেন। প্রতাপনগর ইউনিয়ন পরিষদ, ইউনাইটেড একাডেমি হাই স্কুল, এপিএস ডিগ্রি কলেজ, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা, আল-আমিন মহিলা মাদ্রাসা, ফুলতলা ও তালতলা বাজারে যাওয়ার গুরুত্বপূর্ণ যোগাযোগপথ এটি।

নাকনা গ্রামের বাসিন্দা ডা. নিহার সরকার বলেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বাজারে যাওয়ার প্রধান স্থলপথ এটি। শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত স্থায়ী যোগাযোগব্যবস্থা গড়ে তোলা দরকার।

স্থানীয় বাসিন্দা রানুফা খাতুন বলেন, আম্ফানের সময় মাত্র ১৫ মিনিটের মধ্যে তাদের ৭৬ শতক ভিটাবাড়ি পানিতে বিলীন হয়ে যায়। জীবন বাঁচাতে প্রায় ১১ মাস সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে হয়েছিল।

তিনি বলেন, সব কষ্ট আমরা সহ্য করেছি। কিন্তু আমাদের ভবিষ্যৎ সন্তানরা। তাদের স্কুল-কলেজে পাঠানোর সুযোগই হচ্ছে না, কারণ আমরা একটি ভালো রাস্তা পাচ্ছি না। এক বছর হলো চেয়ারম্যান আমাদের একটি বাঁশের সাঁকো দিয়েছেন। সামনের বর্ষাকালে এটি টিকবে কি না জানি না। আমরা চাই, আমাদের সন্তানরা যেন নিরাপদ রাস্তা দিয়ে স্কুলে যেতে পারে।

খালেক গাজী নামে আরেক বাসিন্দা বলেন, ৬ বছর ধরে তারা শুধু আশ্বাস শুনছেন। আগে সাঁকোও ছিল না, নৌকায় পারাপার করতে হতো। ছেলেমেয়েদের মক্তবে পড়তে যেতে প্রতিদিন ১০ টাকা করে নৌকা পারাপারের খরচ দিতে হয়েছে। স্কুলে যাওয়ার জন্যও টাকা দিয়ে পার হতে হয়। যানবাহন চলাচলের ব্যবস্থা না থাকায় কেউ অসুস্থ হলে হাতুড়ে ডাক্তারের চিকিৎসার ওপর নির্ভর করতে হয়। বড় কোনো দুর্যোগ হলে স্ত্রী-সন্তানদের নিয়ে বের হওয়ার পথও থাকবে না।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বাঁশের সাঁকো পিচ্ছিল হয়ে যায়। তখন শিশু ও বয়স্কদের পারাপার করানো কঠিন হয়ে পড়ে। সাঁকো দিয়ে চলাচলের সময় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি তাদের।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, কুড়িকাহুনিয়ার কাঁঠালতলা থেকে মকবুল দোকানদারের বাড়ি পর্যন্ত প্রায় ৭০০ ফুট রাস্তা বিলীন হয়ে গেছে। সেখানে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, সাঁকো দিয়ে পারাপারে মানুষের খুব ভোগান্তি হচ্ছে। স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিশুদের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। এই রাস্তা দিয়ে সাত গ্রামের মানুষ চলাচল করে। রাস্তাটি ভেঙে যাওয়ার আগে এটি হিয়ারিং বাঁধের রাস্তা ছিল। এখানে কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য প্রকল্প দেওয়া হয়েছে। সরকারের কাছে দাবি, দ্রুত রাস্তাটি নির্মাণ করা হোক।

আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের পাশের একটি রাস্তা ওয়াশ আউট হয়ে সেখানে গভীর খাদ সৃষ্টি হয়। এলজিইডির বাজেট স্বল্পতার কারণে তখন স্থায়ীভাবে কাজ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, স্থানীয় চাহিদার ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৯৪ হাজার টাকা বরাদ্দ দিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় প্রায় ৭০০ ফুট দীর্ঘ একটি অস্থায়ী ভাসমান বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। সাঁকোটি নষ্ট হয়ে গেলে স্থানীয়ভাবে চাহিদা থাকলে ভবিষ্যতে বরাদ্দ পাওয়া সাপেক্ষে আবারও মেরামত করা হবে।

তিনি আরও বলেন, জায়গাটি অনেক গভীর হয়ে গেছে। সেখানে বিপুল পরিমাণ মাটি ভরাট করতে হবে, যা ব্যয়বহুল। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় আপাতত স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের দাবি, অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে বছরের পর বছর যোগাযোগব্যবস্থা চালু রাখা কোনো স্থায়ী সমাধান নয়। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসার প্রয়োজনে ৭ গ্রামের মানুষের জন্য নিরাপদ সড়ক যোগাযোগ জরুরি। ৬ বছর ধরে চলা এই দুর্ভোগের অবসানে দ্রুত সড়কটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ