ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্ধার করল ফায়ার সার্ভিস

বিদ্যুতের খুঁটিতে উঠল যুবক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-১১-২০২৬ ১২:৫৮:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ১২:৫৮:৩৩ অপরাহ্ন
বিদ্যুতের খুঁটিতে উঠল যুবক ছবি : সংগৃহীত
রাজশাহীর তানোরে বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বসেন সুমন আলী (২০) নামের এক যুবক। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।

সুমন ওই গ্রামের মাহতাব আলীর ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। বৃহস্পতিবার বিকেলে বাবার কাছে কিছু টাকা চান সুমন। টাকা না পেয়ে গ্রামের একটি বিদ্যুতের খুঁটিতে উঠে বসেন তিনি। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও সুমন বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি চিমনা গ্রামের পাশের একটি বিলে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের খুঁটিতে এক কিশোরের উঠে বসার ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সে সময় মোবাইল ফোন কিনে না দেওয়ায় সুমন খুঁটিতে উঠেছিলেন। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ফায়ার সার্ভিস তাঁকে উদ্ধার করে।

তানোর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রেজাউল করিম খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। বিদ্যুতের খুঁটিতে ওঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, খবর পেয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে যুবকটিকে নিরাপদে বিদ্যুতের খুঁটি থেকে নিচে নামিয়ে আনা হয়।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ। যুবকটির নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারের সদস্যদের সচেতন হতে হবে। প্রয়োজনে তার যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা প্রয়োজন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ