ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৬ ১২:৪৬:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ১২:৪৬:১৮ অপরাহ্ন
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ফাইল ছবি
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ বৃষ্টি শুক্রবার (২০ নভেম্বর) শুক্রবারও চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়টি দুপুরের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশা রাজ্যের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে। এ সময় রাজধানী ঢাকায় ১৯ মিলিমিটার এবং সাতক্ষীরায় ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আজ রাজধানীতে দিনভর বৃষ্টি হতে পারে। দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে এরপর বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। আকাশে মেঘলা ভাব থাকলেও আগামী মঙ্গলবার বা বুধবার থেকে মেঘ কাটতে শুরু করবে।

তিনি আরও জানান, মেঘ কেটে যাওয়ার পর তাপমাত্রা আরও কমতে পারে। ফলে দেশে শীতের অনুভূতি বাড়বে।

এদিকে বৃষ্টির কারণে গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

অন্যদিকে গতকাল এক দিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজও তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টিপাত কমে আকাশ পরিষ্কার হতে শুরু করলে তাপমাত্রার আরও পরিবর্তন আসতে পারে। এতে আগামী কয়েক দিনে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ