ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের দুদিন পর কুয়াকাটা সৈকতে পাওয়া গেল সেই বিচারককে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৬ ১১:২৪:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ১১:২৬:২২ পূর্বাহ্ন
নিখোঁজের দুদিন পর কুয়াকাটা সৈকতে পাওয়া গেল সেই বিচারককে ফাইল ছবি
নিখোঁজের দুইদিন পর পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈকত এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

বিএমপির উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তাঁকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যার পরে বিচারক শেখ ফারহান নাদীমকে কুয়াকাটা সৈকতের শুন্য পয়েন্টের পশ্চিম দিকে হাঁটতে দেখা যায়। তার মোবাইল ফোন বন্ধ ছিল। চার্জও ছিল না। তিনি পরশু কুয়াকাটায় এসে হোটেল সিভিউতে অবস্থান করেন। এ ঘটনায় পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা গেছে, শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে বের হন তিনি। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। তবে ওই দিন বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন।

দুই দিনেও তাঁর সন্ধান না পেয়ে বুধবার (১৮ নভেম্বর) পরিবারের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকে তাঁকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে।

অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তাঁর সন্ধান পাওয়ায় নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া উদ্বেগের অবসান হয়েছে।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ