ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​অবৈধ মজুদকৃত সার উদ্ধারের পর কৃষকের মাঝে বিক্রি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৪:১৯:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৪:১৯:৫০ অপরাহ্ন
​অবৈধ মজুদকৃত সার উদ্ধারের পর কৃষকের মাঝে বিক্রি ​ছবি: সংগৃহীত
নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫ হাজার বস্তা সার উদ্ধারের পর স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সার বিক্রি শুরু করে স্থানীয় প্রশাসন। গতকাল উপজেলার খড়িবাড়ি বাজারে অভিযান চালিয়ে পৃথক চারটি গুদাম থেকে এসব সার জব্দ করে উপজেলা প্রশাসন।

মজুদকারীরা হচ্ছেন খড়িবাড়ি বাজারের ব্যবসায়ী — মেসার্স আলামিন ট্রেডার্সের মালিক আবুল কালাম আজাদের গুদাম থেকে ২১৪ বস্তা, মেসার্স সিমা এন্টারপ্রাইজের মালিক নূরে আলম সিদ্দিক হোসেনের গুদাম থেকে ১২০০ বস্তা, মেসার্স বুলবুল ট্রেডার্সের মালিক বুলবুল আহম্মেদের গুদাম থেকে ১২০০ বস্তা এবং মেসার্স শহিদুল ট্রেডার্সের মালিক শহিদুল ইসলামের গুদাম থেকে ২৫০০ বস্তা সার জব্দ করা হয়।

নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ি বাজারে ৩টি পয়েন্টে ৪টি গুদাম থেকে সারগুলো জব্দ করা হয়। জব্দকৃত সার আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩ হাজার বস্তা কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে। সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে। আশা করছি, প্রশাসনসহ সকলের সহযোগিতায় সব সার সুষ্ঠুভাবে বিতরণ করা হবে।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সারগুলো বাজারে অস্থিরতা তৈরির লক্ষ্যে অবৈধভাবে মজুদ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেলেই সেগুলো জব্দ দেখানো হয়। আজ সেগুলো কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে। তবে মজুদদারদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে প্রশাসন কিছু বলতে পারেনি।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ