ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​কালের সাক্ষী নসরত গাজী মসজিদ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০১:৪২:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০১:৪২:০৯ অপরাহ্ন
​কালের সাক্ষী নসরত গাজী মসজিদ ​ছবি: সংগৃহীত
বরিশালের বাকেরগঞ্জে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে নসরত গাজী মসজিদ। উপজেলার শিয়ালঘুনি গ্রামে ঐতিহাসিক এই মসজিদের অবস্থান।

উপজেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। স্থানীয়দের দাবি, মসজিদটি ৬০০ বছরের প্রাচীন। নির্মাণশৈলী, স্থাপত্যকাঠামো ও উপাদান থেকে অনুমান করা যায়, মসজিদ সুলতানি আমলে নির্মিত।

বরিশালে প্রাচীন বাংলার নান্দনিক মসজিদের প্রধান ফটকে এর স্থাপত্যকাল ১৫৩২ খ্রিস্টাব্দ লেখা হয়েছে। সে হিসাবে মসজিদের বয়স ৪৯৪ বছর। ব্রিটিশ আমলের নথিপত্র থেকে জানা যায়, একসময় মসজিদের গায়ে শিলালিপি ছিল। বর্তমানে তার অস্তিত্ব পাওয়া যায় না। তাই মসজিদের সঠিক নির্মাণকাল সম্পর্কে জানা যায় না।

মসজিদের নির্মাণকাল সম্পর্কে আরেকটি মতামত হলো, আলাউদ্দিন হোসেন শাহের বড় ছেলে এবং হোসেন শাহী রাজবংশের দ্বিতীয় শাসক নাসিরুদ্দিন নুসরত শাহের শাসন আমলে এটি নির্মাণ করা হয়। মসজিদটি নুসরত শাহের নামে নির্মিত নাকি তাঁর অনুসারী নসরত গাজীর নামে নির্মিত তা সুনিশ্চিতভাবে বলা যায় না। নাসিরুদ্দিন নুসরত শাহ ১৫১৯ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেন। এই ধারণার বিচারে মসজিদের গেটে লেখা স্থাপত্যকালটি যথাযথ। নসরত গাজী মসজিদ বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আসার পর ২০১৪-১৫ অর্থবছরে মসজিদটি সংস্কার করা হয়।
নসরত গাজী মসজিদ এক গম্বুজ বিশিষ্ট ও বর্গাকার। মোগল ও সুলতানি আমলে নির্মিত অন্যান্য স্থাপত্যের মতো এটিও চুন-সুরকি ও পাতলা বর্গাকার ইট ব্যবহারে নির্মাণ করা হয়েছে। মসজিদের অভ্যন্তরের দৈর্ঘ্য প্রায় ৪.৫০ মিটার এবং দেয়ালের পুরুত্ব প্রায় ১.৪৩ মিটার। মসজিদের চার কোণে চারটি অষ্টভুজাকৃতির স্তম্ভ আছে। পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে গথিক খিলানবিশিষ্ট প্রবেশপথ। প্রবেশপথের খিলানের নকশার সঙ্গে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের প্রবেশপথের নকশার মিল আছে।

বর্তমানে মসজিদের উত্তর ও দক্ষিণ দিকের প্রবেশপথ দুটি লোহার গ্রিল দিয়ে বন্ধ রাখা হয়েছে। সুলতানি আমলের অন্যান্য মসজিদের সঙ্গে পার্থক্য হলো এই মসজিদের পশ্চিম দেয়ালে মাত্র একটি মিহরাব আছে, অন্যান্য মসজিদে সাধারণত তিনটি মিহরাব দেখা যায়। দেয়াল, কার্নিশ ও স্তম্ভে ফুল ও লতাপাতার অলংকরণ আছে। এ ছাড়া উত্তর ও দক্ষিণ দেয়ালে ছোট ছোট চারটি মিহরাবসদৃশ খিলান ও আলোকবাতি রাখার স্থান আছে।

তথ্যসূত্র : স্থানীয় ও জাতীয় গণমাধ্যম

বাংলা স্কুপ/ডেস্ক /এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ