ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​চট্টগ্রামে ড. ইউনূসের পারিবারিক বাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১১:২৬:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১১:২৬:৫১ পূর্বাহ্ন
​চট্টগ্রামে ড. ইউনূসের পারিবারিক বাড়িতে আগুন ​ছবি: সংগৃহীত
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পারিবারিক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত ‘নিরিবিলি’ নামের ওই বাড়ির একাংশে এই আগুন লাগে। পরে টহল পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, চারতলা বাড়িটির পূর্ব পাশের নিচতলার যে অংশে আগুন লেগেছে, সেখানে গত ১০ থেকে ১৫ বছর ধরে কেউ বসবাস করেন না; এমনকি বাড়ির লোকজনও সেখানে যান না। রাতে ওই পরিত্যক্ত অংশে জমে থাকা পুরোনো আসবাবপত্র ও কাপড়চোপড়ে হঠাৎ আগুন ধরে যায়। টহল পুলিশের সদস্যরা আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলেন। কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

এদিকে, অগ্নিকাণ্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক রিকশাযাত্রীর ধারণ করা ওই ভিডিওতে বৃষ্টির মধ্যে বাড়িটির নিচতলার পেছনের অংশে আগুন জ্বলতে দেখা যায়।

স্থানীয়রা জানান, গত শতকের ষাটের দশকে ড. মুহাম্মদ ইউনূসের বাবা এই বাড়িটি নির্মাণ করেছিলেন। পুরো বাড়ির চারপাশে সীমানা দেয়াল থাকলেও পূর্ব পাশের পরিত্যক্ত ওই অংশটি টিন দিয়ে ঘেরা এবং সামনে ঝোপঝাড় জমে রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ