ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নিহত দুই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১১:১০:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১১:১০:৫৮ পূর্বাহ্ন
​নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নিহত দুই ​ফাইল ছবি
নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি সন্ধ্যার দিকে বেন্দারচর এলাকায় পৌঁছালে একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

হামলায় কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, কৃষক দল নেতা শাহীন ইসলাম ও জাসাস নেতা সোহেল রানা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহীন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।

ওসি ইদ্রিস আলী জানান, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনে থাকা দুই ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীদের মারধরে তাঁরা গুরুতর আহত হন এবং পরে মারা যান। প্রাথমিকভাবে এ ঘটনায় আওয়ামী লীগ ও দলটির সমর্থকদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ