আছে ব্যক্তিগত বিমান, বিলাসবহুল বাড়ি, নয়নতারা কত সম্পদের মালিক?
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-১১-২০২৬ ০৭:১৮:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১১-২০২৬ ০৭:১৮:৩৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিন পুরুষ তারকাদের আধিপত্য থাকলেও নিজের অভিনয় ও ব্যবসায়িক সাফল্যে আলাদা অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী নয়নতারা। একের পর এক নারীপ্রধান সিনেমার সাফল্য, বিপুল পারিশ্রমিক এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ তাঁকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী তারকায় পরিণত করেছে। আজ ৪২ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী।
তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি, পাঁচ ভাষায় ৭৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা। ২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে মালয়ালম সিনেমা ‘মনসিনাক্কারে’ দিয়ে অভিনয়জগতে পা রাখেন তিনি। এরপর ২০০৫ সালে রজনীকান্তের ‘চন্দ্রমুখী’ এবং এ আর মুরুগাদস পরিচালিত ‘গজিনি’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে পরিচিতি পান। ২০০৭ সালে ‘বিল্লা’ সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে নিজের প্রচলিত ভাবমূর্তিও বদলে দেন।
ব্যক্তিগত কারণে দুই বছর অভিনয় থেকে দূরে থাকার পর ২০১৩ সালে ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরেন নয়নতারা। এরপর ‘মায়া’ (২০১৫), ‘আরাম’ (২০১৭) ও ‘কোলামাভু কোকিলা’ (২০১৮)-এর মতো সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বক্স অফিসে সাফল্য পান। এসব সিনেমার মাধ্যমে নারীপ্রধান চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য তারকা হয়ে ওঠেন তিনি।
শুধু অভিনয় নয়, পর্দায় তাঁর উপস্থিতিতেও বাণিজ্যিক সিনেমার নায়কোচিত বৈশিষ্ট্য দেখা যায়। জমকালো পরিচিতি দৃশ্য, সংলাপে দর্শকের উচ্ছ্বাস কিংবা খলনায়কদের মোকাবিলার দৃশ্য, সব ক্ষেত্রেই প্রচলিত পুরুষকেন্দ্রিক সিনেমার নায়কদের মতো উপস্থাপিত হয়েছেন তিনি। ২০১৮ সালে ‘কোলামাভু কোকিলা’ মুক্তির দিন সকাল ছয়টায় প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। নারীপ্রধান সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা ছিল বিরল। একই বছর ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় দক্ষিণ ভারত থেকে একমাত্র অভিনেত্রী হিসেবে জায়গা করে নেন নয়নতারা।
তবে ‘লেডি সুপারস্টার’ উপাধিটি নিয়ে খুব একটা স্বস্তিতে নেই এই অভিনেত্রী। ২০২৪ সালে দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই পরিচয়ের কারণে তাঁকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। গত পাঁচ-ছয় বছর ধরে প্রযোজক ও পরিচালকদের কাছে সিনেমায় তাঁর নামের আগে এই উপাধি ব্যবহার না করার অনুরোধ জানিয়ে আসছেন।
তাঁর ভাষায়, ‘আমার ক্যারিয়ার কোনো উপাধি বা পরিচয়ে সংজ্ঞায়িত হয় না। কারও কাছ থেকে কোনো উপাধি কেড়ে নেওয়ার চেষ্টাও করছি না। বিষয়টি আমার কাছে আসলে গুরুত্বপূর্ণ নয়।’
অভিনয়ে সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁর পারিশ্রমিকও। শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেকের সময় প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন তিনি। যদিও যশ অভিনীত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও নিজের অবস্থান শক্ত করেছেন নয়নতারা। বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করে উল্লেখযোগ্য আয় করেন তিনি। প্রতিটি বিজ্ঞাপনের জন্য প্রায় পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। একবার টাটা স্কাইয়ের ৫০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনে চার ভাষায় কাজ করে পাঁচ কোটি রুপি পেয়েছিলেন বলেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
স্বামী পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে ‘রাউডি পিকচার্স’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে তাঁর। প্রতিষ্ঠানটির আনুমানিক মূল্য ৫০ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। ২০২৩ সালে সিঙ্গাপুরের উদ্যোক্তা ডেইজি মরগ্যানের সঙ্গে যৌথভাবে ত্বকের যত্নের প্রসাধনী ব্র্যান্ড ‘নাইনস্কিন’ চালু করেন তাঁরা। এর আগে ২০২১ সালে চর্মরোগ বিশেষজ্ঞ রেনিতা রাজনের সঙ্গে যৌথভাবে লিপ বামের ব্যবসায় যুক্ত হন নয়নতারা।
ভারতের বিভিন্ন শহরে তাঁর একাধিক সম্পত্তি রয়েছে। ২০২১ সালে স্বামী ভিগনেশের সঙ্গে চেন্নাইয়ে চার শয়নকক্ষের একটি ফ্ল্যাট কেনেন তিনি। এ ছাড়া হায়দরাবাদের বানজারা হিলসে তাঁর দুটি বাড়ি রয়েছে, যেগুলোর মূল্য ৩০ কোটি রুপির বেশি বলে জানা গেছে। মুম্বাইয়ে বিলাসবহুল চার শয়নকক্ষের একটি ফ্ল্যাট এবং কেরালায় পৈতৃক বাড়িও রয়েছে অভিনেত্রীর। তাঁর ব্যক্তিগত বিমানের আনুমানিক মূল্য ৫০ কোটি রুপি।
গাড়ির সংগ্রহেও রয়েছে বিলাসবহুল কয়েকটি গাড়ি। এর মধ্যে আছে বিএমডব্লিউ ৫ সিরিজ, মার্সিডিজ জিএলএস ৩৫০ডি ও বিএমডব্লিউ ৭ সিরিজ।
ফিল্মিবিটের তথ্য অনুযায়ী, নয়নতারার মোট সম্পদের পরিমাণ ২০০ কোটি রুপির বেশি।
অভিনয়ের পাশাপাশি স্বামী ভিগনেশ শিবানের সঙ্গে একাধিক ব্যবসায় যুক্ত রয়েছেন নয়নতারা। বিভিন্ন সাক্ষাৎকারে ভিগনেশ জানিয়েছেন, তাঁদের আয় ৪০০ কোটি রুপিতে পৌঁছালে সিনেমা থেকে অবসর নেওয়ার কথা ভাবতে পারেন তাঁরা।
নয়নতারা অভিনীত সর্বশেষ সিনেমা ‘মুকুথি আম্মান ২’। সামনে তাঁকে আরও কয়েকটি সিনেমায় দেখা যাবে। অশ্বথ মারিমুথু পরিচালিত ‘ধর্মন’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে অভিনয় করবেন তিনি। এ ছাড়া নিভিন পলির বিপরীতে ‘ডিয়ার স্টুডেন্টস’, সেথিল নাল্লাসামির ‘রাক্কাইয়ে’ এবং যোগী বাবুর সঙ্গে ‘মান্নানগাট্টি সিন্স ১৯৬০’ সিনেমায় দেখা যাবে তাঁকে।
এ ছাড়া পরিচালক বংশী পেইডিপল্লির নতুন সিনেমায় সালমান খানের সঙ্গে জুটি বাঁধছেন নয়নতারা।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স