ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৫:৩৬:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৭:৩৪:৫৬ অপরাহ্ন
​এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ​ফাইল ছবি
প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশনা দেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত এ বৈঠকটি দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

বৈঠকের একটি সূত্র নিশ্চিত করেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা ও তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। 

জানা গেছে, সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকের মূল মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যরা জানান, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। চলতি অধিবেশনে এটি সরকারি দলের দ্বিতীয় বৈঠক।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সরকারদলীয় সব সংসদ সদস্যকে যথাসময়ে সংসদে উপস্থিত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের দৈনন্দিন কার্যক্রমেও তাদের অংশ নিতে বলেছেন তিনি।

রোববার জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এক অফিস আদেশে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান।

এতে দেশের বাইরে অবস্থানরত সরকারদলীয় সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ