স্ত্রীর ‘পরকীয়া কাজে লাগিয়ে’ ১ লাখ কোটি টাকার সাম্রাজ্য গড়লেন স্বামী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-১১-২০২৬ ০৩:২৯:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১১-২০২৬ ০৩:৩৩:৪৬ অপরাহ্ন
ফাইল ছবি
অ্যালিস হুয়াং এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের পরকীয়ার সম্পর্ক নিয়ে যখন তুমুল আলোচনা চলছে, তখন সামনে এসেছে তার স্বামী কাং ওয়েইয়ের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের তথ্য। চীনে সরকারি সহায়তায় ডেটা সেন্টার গড়ে তুলেছেন এই ব্যবসায়ী। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তার ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৯০০ কোটি ডলারের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা।
চীনের সরকারি নথি ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমসও।
প্রতিবেদন অনুযায়ী, কাং ওয়েইয়ের স্ত্রী অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এনভিডিয়ার তৎকালীন প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। এর মধ্য দিয়ে চীনে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ সরবরাহের পথ তৈরির চেষ্টা করেন তিনি। অন্যদিকে, কাং ওয়েই চীনের বিভিন্ন অঞ্চলে সরকারি সহায়তায় ডেটা সেন্টার নির্মাণের ব্যবসা সম্প্রসারণ করেন।
কাং ওয়েইয়ের ব্যবসায়িক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সাংহাইভিত্তিক সেঞ্চুরি লংটেং। ২০২১ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের মধ্যে সাংহাইয়ের একটি স্থানীয় সরকারি সংস্থার ১০ শতাংশ এবং কাংয়ের মূল ব্যবসায়িক প্রতিষ্ঠান হেক্সি ক্যাপিটালের বেসরকারি বিনিয়োগ শাখার একটি প্রতিষ্ঠানের ২৭ শতাংশ মালিকানা ছিল। বাকি ৬৩ শতাংশ শেয়ার ছিল শেনজেনভিত্তিক তালিকাভুক্ত প্রতিষ্ঠান সেঞ্চুরি হুয়াতংয়ের হাতে। পরে সেঞ্চুরি লংটেংয়ে নির্বাহী পদে দায়িত্ব নেন কাং।
২০২২ সালের শুরুতে চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ক্লাউড ডেটা সেন্টার, জ্বালানি অবকাঠামো ও কম্পিউটিং প্রযুক্তি নিয়ে সহযোগিতার চুক্তি করে সেঞ্চুরি লংটেং। চুক্তি সইয়ের অনুষ্ঠানে হুয়াওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কাং।
এরপর চীনের বিভিন্ন অঞ্চলে ডেটা সেন্টার নির্মাণের বড় প্রকল্প হাতে নেয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে পূর্ব-মধ্য চীনের উহু শহরে ৪৫০ কোটি ডলারের একটি কম্পিউটিং শিল্পপার্ক নির্মাণের পরিকল্পনা ছিল। প্রায় ৪১ লাখ বর্গফুট জায়গাজুড়ে আটটি ডেটা সেন্টার ভবন নির্মাণের কথা ছিল সেখানে। এসব ভবনে প্রায় ২৪ হাজার সার্ভার র্যাক স্থাপনের পরিকল্পনা করা হয়। চীনের ‘ইস্ট ডেটা, ওয়েস্ট কম্পিউটিং’ কর্মসূচির আওতায় প্রকল্পটিতে বিদ্যুৎ ও অবকাঠামোগত সহায়তা দেয় সরকার। ২০২৬ সালের এপ্রিলের মধ্যে প্রকল্পের একটি ভবন নির্মাণ সম্পন্ন হওয়ার তথ্য সরকারি নথিতে উঠে আসে।
এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের লিয়াংশানে প্রায় ৫০০ কোটি ডলারের আরেকটি ডেটা সেন্টার প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অংশ নেন কাং। শেনজেনেও প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি ডেটা সেন্টার প্রকল্পের তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, ২০২৩ সালে এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপের সরবরাহ নিশ্চিত করতে তৎপর হন অ্যালিস হুয়াং। ওই বছরের নভেম্বরের মধ্যে মেগাস্পিড এনভিডিয়াকে জানায়, চীনের বৃহৎ অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান আলিবাবা তাদের প্রধান গ্রাহক হবে। এর পর মেগাস্পিড এনভিডিয়ার ক্লাউড পার্টনারের স্বীকৃতি পায়। এর ফলে প্রতিষ্ঠানটি চিপ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার সুবিধা পায়।
একই মাসে মালিকানা পুনর্গঠনের কারণে মেগাস্পিডে অ্যালিসের নিবন্ধিত পরিচালকের দায়িত্বের অবসান ঘটে। তবে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অব্যাহত ছিল। ২০২৩ সালের শেষ দিকে সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁয় এবং পরের বছর তাইপের কম্পিউটেক্স প্রযুক্তি সম্মেলনে তাদের একসঙ্গে দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মেগাস্পিডের সংগ্রহ করা এনভিডিয়ার কিছু চিপ পরে চীনে পাঠানো হয়েছিল। তবে এসব চিপ কাংয়ের ডেটা সেন্টারগুলোতে পৌঁছেছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে, চীনের সরকার মেগাস্পিডকে চিপ সংগ্রহের নির্দেশ দিয়েছিল, এমন তথ্যও নেই।
২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কাং ও অ্যালিস যৌথভাবে সাংহাই ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি ডেটা সেন্টার প্রকল্পের জন্য বিনিয়োগকারীদের কাছে প্রস্তাব দেন। তিন বছরে বিনিয়োগের অর্থ তিন গুণ করার সম্ভাবনার কথাও জানান তারা। চীনে এনভিডিয়ার চিপ নেওয়ার পথ রয়েছে বলেও বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছিলেন তারা।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে সার্ভার কেনার ক্ষেত্রে মিথ্যা ঘোষণা দেয়ার সন্দেহে মেগাস্পিড ও প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করে সিঙ্গাপুর। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অ্যালিসের বিরুদ্ধে স্থানীয় অপরাধ সংঘটনের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে তাকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয় এবং সিঙ্গাপুরে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। মেগাস্পিড ও আরও ছয় ব্যক্তির বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
এদিকে, শেয়ারবাজারে কারসাজির তদন্তের অংশ হিসেবে চলতি বছরের শুরুর দিকে সাংহাইয়ে আটক হয়েছিলেন কাং ওয়েই। পরে তিনি মুক্তি পান। সব মিলিয়ে, কাং ও অ্যালিসের ব্যবসায়িক তৎপরতা যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতার সঙ্গে কীভাবে জড়িয়ে পড়েছিল, তা নতুন করে আলোচনায় এসেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স