অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসাবাদ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-১১-২০২৬ ০৩:১৫:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১১-২০২৬ ০৩:১৬:৩৯ অপরাহ্ন
ফাইল ছবি
দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন মেঘনা আলম। পরে দুদকের উপপরিচালক সুমিত্রা সেনের নেতৃত্বে দুই সদস্যের অনুসন্ধান দল তাকে জিজ্ঞাসাবাদ করে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এ জিজ্ঞাসাবাদের আয়োজন করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর মেঘনা আলমকে প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য তলবি চিঠি পাঠানো হয়েছিল। ওই চিঠিতে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্জিত অর্থ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে তাকে বক্তব্য দেয়ার জন্য অনুরোধ করা হয়।
দুদকের অনুসন্ধানে কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের নামও এসেছে। দেওয়ান সামির ও মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবেই মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মেঘনা আলম মডেলিংয়ের পাশাপাশি উদ্যোক্তা ও রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মধ্য দিয়ে তিনি আলোচনায় আসেন। তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মেঘনা আলম।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স