বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ গ্রেট মস্ক অব আলজিয়ার্স
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-১১-২০২৬ ০১:৪২:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১১-২০২৬ ০১:৪২:০৭ অপরাহ্ন
ফাইল ছবি
আফ্রিকার দেশ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবস্থিত গ্রেট মস্ক অব আলজিয়ার্স বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর একটি। পবিত্র মক্কা ও মদিনার দুই মসজিদের পর এটিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ হিসেবে উল্লেখ করা হয়।
ভূমধ্যসাগরের তীরঘেঁষে নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদটি স্থানীয়ভাবে ‘জামে আল-জাজায়ের’ নামেও পরিচিত। বিশাল আয়তন, আধুনিক স্থাপত্যশৈলী এবং বিশ্বের সর্বোচ্চ মিনারের কারণে মসজিদটি ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে বিশেষ পরিচিতি পেয়েছে।
মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হলো এর ২৬৫ মিটার (৮৬৯ ফুট) উঁচু মিনার। এটি বিশ্বের সর্বোচ্চ মিনার হিসেবে স্বীকৃত।
মিনারটিতে রয়েছে হেলিকপ্টার অবতরণের জন্য বিশেষ ল্যান্ডিং প্যাড। এ ছাড়া মসজিদ কমপ্লেক্সে রয়েছে ১৬ হাজার বর্গমিটার আয়তনের দুটি সম্মেলনকক্ষ এবং দুই হাজার আসনবিশিষ্ট একটি বিশাল পাঠাগার। পাঠাগারটিতে একসঙ্গে ১০ লাখ বই সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে।
মসজিদের ভূগর্ভে নির্মাণ করা হয়েছে তিনতলাবিশিষ্ট বিশাল গাড়ি পার্কিং ব্যবস্থা, যার আয়তন প্রায় ১ লাখ ৮০ হাজার বর্গমিটার।
প্রায় ২৭ দশমিক ৭৫ হেক্টর জমির ওপর বিস্তৃত এই মসজিদ কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ১ লাখ ২০ হাজার মুসল্লির নামাজ আদায় করতে পারেন।
মসজিদটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকা। তাঁর স্বপ্ন ছিল, আফ্রিকার বৃহত্তম মসজিদ নির্মাণের মাধ্যমে দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন গড়ে তোলা। শুরুতে তাঁর নাম অনুসারে মসজিদটির নামকরণের পরিকল্পনাও করা হয়েছিল। মরক্কোর কাসাব্লাংকায় অবস্থিত দ্বিতীয় হাসান মসজিদের আদলে এটিকে ‘আবদেলাজিজ বুতেফ্লিকা মসজিদ’ হিসেবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়।
তবে ২০১৯ সালে আলজেরিয়াজুড়ে সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়লে দীর্ঘ ২০ বছর ক্ষমতায় থাকা বুতেফ্লিকা পদত্যাগ করতে বাধ্য হন। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নির্ধারিত সময়ে মসজিদটির উদ্বোধন সম্ভব হয়নি। পরবর্তী সময়ে এর নামকরণেও পরিবর্তন আসে। বর্তমানে এটি ‘গ্রেট মস্ক অব আলজিয়ার্স’ বা ‘জামে আল-জাজায়ের’ নামে পরিচিত।
জানা যায়, মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ২০১২ সালে একটি চীনা নির্মাণপ্রতিষ্ঠান এর নির্মাণকাজ শুরু করে। ২০১৯ সালের দিকে মূল নির্মাণকাজ প্রায় শেষ হলেও ব্যয় বৃদ্ধি এবং ভূমিকম্পপ্রবণ এলাকায় এত বড় স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিয়ে নানা সমালোচনা দেখা দেয়।
সব বিতর্ক ও রাজনৈতিক পরিবর্তন পেরিয়ে ভূমধ্যসাগরের তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই মসজিদ এখন আলজেরিয়ার অন্যতম স্থাপত্য নিদর্শন। বিশাল আয়তন, সুউচ্চ মিনার, সমৃদ্ধ পাঠাগার ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে এটি মুসলিম বিশ্বের ধর্মীয় স্থাপত্যে নতুন এক সংযোজন।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স