ভান্ডারিয়ায় থামিয়ে রাখা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-১১-২০২৬ ০১:৩৫:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১১-২০২৬ ০৩:১০:০২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামে এক হেলপার নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় আশপাশের বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন।
এদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স