ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-১১-২০২৬ ০১:০০:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১১-২০২৬ ০৩:১১:৩১ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে ছড়িয়ে পড়েছে মালামাল। এতে চট্টগ্রামমুখী লেনে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে মহাসড়কের সোনারগাঁ অংশে যানজট দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায়ও যানজটের তীব্রতা ছিল।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নয়াবাড়ী থেকে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। মাঝেমধ্যে কিছু যানবাহন এগোলেও আবার দীর্ঘ সময়ের জন্য থেমে যাচ্ছে।
যানজটে আটকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীদের অনেকে।
যাত্রী মো. শাহাদাত বলেন, মাত্র কয়েক মিনিটের পথ পার হতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যাচ্ছে। অফিস টাইমে আমাদের দুর্ভাগ্য, এমন ভোগান্তি পোহাতে হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, মধ্যরাতে ঘুমের ঘোরে একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ডিভাইডারের ওপর তুলে দেন। এতে ট্রাকের মালামাল সড়কজুড়ে ছড়িয়ে পড়ে এবং যানচলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। ইতোমধ্যে সার্ভিস লেন চালু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন করে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স