ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্য ইকোনমিস্ট

​‘সুপারস্টার’ ভাবমূর্তি হারিয়ে সংকটে বাংলাদেশের অর্থনীতি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৫:৪৩:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৫:৪৪:৪৪ অপরাহ্ন
​‘সুপারস্টার’ ভাবমূর্তি হারিয়ে সংকটে বাংলাদেশের অর্থনীতি ​ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৫ বছরের শাসন শেষে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সংঘটিত ব্যাপক লুটপাট ও দুর্নীতির কারণে বাংলাদেশের ব্যাংকিং খাত এখন দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দীর্ঘ সময় ধরে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত এই দেশটি এখন অর্থনৈতিক ও রাজনৈতিক নানা জটিল সংকটের মুখে পড়েছে।

ঢাকার একটি ক্যাফের মালিক একান্ত (ছদ্মনাম) সংবাদমাধ্যমটিকে জানান, তিনি গত এক বছর ধরে ব্যাংক থেকে নিজের জমানো টাকা তুলতে পারছেন না। ব্যাংকে বারবার যাওয়ার পরও তাকে কোনো সদুত্তর দেওয়া হয়নি এবং শুধু বলা হয়েছে ব্যাংকে তারল্য সংকট চলছে। শুধু এই ব্যক্তি একা নন, দেশের অন্তত ছয়টি প্রতিষ্ঠানের আমানতকারীরা তাদের সন্তানদের বিয়ে কিংবা বাবা-মায়ের শেষকৃত্যের মতো জরুরি প্রয়োজনে জমানো অর্থ তুলতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন।

​প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্যাংকগুলোর সুদের হার থেকে শুরু করে বিভিন্ন খাতের অনিয়ম এবং প্রভাবশালী অলিগার্কদের বেনামে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার কারণে বর্তমানে দেশের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই খেলাপি ঋণে পরিণত হয়েছে। এই খেলাপি ঋণের একটি বড় অংশ আর কখনো ফেরত পাওয়ার সম্ভাবনা নেই।

তুলনামূলক চিত্রে দেখা যায়, ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ হলেও বাংলাদেশে নিট সম্পদের পরিমাপক বা মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমে গেছে। স্বাধীনতার সময় যুদ্ধবিধ্বস্ত ও চরম দরিদ্র বাংলাদেশকে ‘বাস্কেট কেস’ বা তলাবিহীন ঝুড়ি হিসেবে অভিহিত করা হলেও পরবর্তী সময়ে দেশটি অভাবনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সূচকে দারুণ সাফল্য দেখিয়েছিল। তবে দুর্বল শাসনব্যবস্থা ও ভঙ্গুর প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে সেই ‘বাংলাদেশ প্যারাডক্স’ এখন গভীর সংকটের মুখোমুখি হয়েছে।

​রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান সরকার দেশ পরিচালনা ও অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চালালেও নানামুখী চাপে রয়েছে। বিশেষ করে ব্যাংকিং খাতের বিপর্যয় এবং দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী পোশাক খাতে শ্রমিক ধর্মঘটের কারণে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এর বাইরে শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে এমন ঘোষণার পর রাজধানীতে সম্প্রতি অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যার পেছনে আওয়ামী লীগের হাত রয়েছে বলে দাবি করেছে সরকার।

অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক লুটপাট নিয়ে বিশেষ প্রতিবেদন প্রস্তুতকারী অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এ বিষয়ে বলেন, ব্যাংক লুটপাটের স্বৈরাচারী পদ্ধতির উত্তরাধিকার, আমরা ঠিক এই বিষয়টিই মোকাবিলা করছি। দেশের ইসলামী ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের শীর্ষ পদে বসিয়ে অনিয়ম করা হয়েছিল বলে প্রতিবেদনে তুলে ধরা হয়।

​ব্যাংকিং খাতের বিশৃঙ্খলার পাশাপাশি খেলাপি ঋণের হিসাবের ক্ষেত্রে স্বচ্ছতা আসার কারণেও ঋণ খেলাপির হার অনেক বেশি দেখা যাচ্ছে। বিগত সরকারগুলোর সময় বিভিন্ন সময়ে ঋণ পরিশোধের দীর্ঘমেয়াদি সুযোগ ও নীতিগত ছাড় দেওয়া হলেও বর্তমান সময়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৯০ দিন বা তার বেশি সময় ব‌কেয়া থাকা ঋণকে খেলাপি হিসেবে গণ্য করায় প্রকৃত চিত্র সামনে এসেছে।

এর ফলে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার এ বছর কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জ্বালানি সংকট এবং কারখানায় চলমান ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্বব্যাংক আশঙ্কা প্রকাশ করেছে, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দেশে দারিদ্র্যের হার বাড়তে পারে।

​পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে জরুরি সহায়তা হিসেবে ৬২০ কোটি ডলার বা জিডিপির ১ দশমিক ২ শতাংশ প্রদান করলেও তা যথেষ্ট নয় বলে মনে করছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

মুডি’স-এর প্রাক্কলন অনুযায়ী, এই খাতকে পুরোপুরি পুনর্গঠন করতে আগামী কয়েক বছরে জিডিপির ১০ শতাংশ সমপরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে। সরকারের কর আদায়ের হার অত্যন্ত কম থাকায় এবং জিডিপির মাত্র সাত শতাংশ রাজস্ব হিসেবে সংগ্রহ হওয়ায় বড় ধরনের বিদেশি সহায়তা ছাড়া ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠন করা বেশ কঠিন।

এ বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা কোনো সমস্যা এড়িয়ে যাচ্ছি না বা ভবিষ্যতের ওপর চাপিয়ে দিচ্ছি না। আমরা বরং ব্যালেন্স শিট বা আর্থিক বিবরণী পরিষ্কার করার চেষ্টা করব। কোনো ভালো সম্পদ বা প্রকল্প যদি সহায়তার প্রয়োজন বোধ করে, অর্থাৎ যার মেয়াদ কিছুটা বাড়ানো যেতে পারে, তবে আমরা তাদের ঋণ পরিশোধের জন্য প্রয়োজনীয় সময় বা সুযোগ দেওয়ার চেষ্টা করব।

​খাদ্য ও জ্বালানি খাতে ভর্তুকি দেওয়ার কারণে সরকারের বাজেটে বর্তমানে জিডিপির তিন দশমিক তিন শতাংশ ঘাটতি রয়েছে, যা মেটাতে বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে।

এর ফলে বাজারে অর্থের সরবরাহ বেড়ে গিয়ে মূল্যস্ফীতিকে আরও উসকে দিচ্ছে। দেশের সামগ্রিক অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে একজন সাবেক সরকারি কর্মকর্তা মন্তব্য করেন, মৌলিকভাবে বাংলাদেশে আসলে কিছুই বদলায়নি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ