কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতেই এ ঘোষণা দেন স্পিকার।
জাতীয় সংসদকে স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’
এদিকে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কিশোরগঞ্জ-৩ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের আসনটি শূন্য ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তারে পাঠানো হয়েছে।
সংবিধানের বিধান অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হওয়ার পরবর্তী নির্ধারিত সময়ের মধ্যে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী নির্বাচন কমিশন শিগগিরই কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে বলে জানা গেছে।
ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য। ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাকৃবিতে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
পদত্যাগ করেছেন ওসমান ফারুক