২০৩০ সালে একই সময়ে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-১১-২০২৬ ০৪:৪৭:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১১-২০২৬ ০৪:৪৭:২৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ক্রিকেট ও ফুটবল - দুই খেলাতেই যাঁদের সমান আগ্রহ, তাঁদের জন্য ২০৩০ সাল হতে যাচ্ছে ব্যস্ততার বছর। ওই বছর একই সময়ে মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সূচিতে দুই প্রতিযোগিতার সময়সূচি কাছাকাছি হওয়ায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আলোচনা।
গত রোববার (১৫ নভেম্বর) আগামী নয় বছরের বড় প্রতিযোগিতাগুলোর সময়সূচি প্রকাশ করে আইসিসি। সূচি অনুযায়ী, ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৪ জুলাই, চলবে ৪ আগস্ট পর্যন্ত। সাধারণত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হলেও এবার বছরের মাঝামাঝি সময়ে ফিরছে এই আসর। এর আগে ২০২১ ও ২০২২ সালে বছরের শেষ ভাগে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল।
অন্যদিকে, ফুটবল বিশ্বকাপের সময়সূচিও এর সঙ্গে মিলে যাচ্ছে। ফিফার ঘোষণা অনুযায়ী, ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৮ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত। ফলে ৪ থেকে ২১ জুলাই পর্যন্ত টানা ১৭ দিন দুই বিশ্বকাপ চলবে একই সময়ে।
সাধারণত চার বছর পরপর জুন-জুলাইয়ে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তবে ২০২২ সালে কাতারের আবহাওয়ার কারণে প্রতিযোগিতাটি অক্টোবর-নভেম্বরে আয়োজন করা হয়েছিল। সে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও ছিল, কিন্তু ফুটবলের আসর শেষ হওয়ার পর ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হয়েছিল। ২০৩০ সালে সেই সময়ের ব্যবধান থাকছে না।
তিন মহাদেশের একাধিক দেশে ফুটবল বিশ্বকাপ
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে প্রথম তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।
অন্যদিকে, ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
দুই প্রতিযোগিতার সূচি কাছাকাছি হওয়ায় একই সময়ে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে হবে দর্শকদের। অতীতে দুই খেলার বিশ্বকাপের মধ্যে কিছুটা সময়ের ব্যবধান থাকলেও ২০৩০ সালে সেই সুযোগ কমে আসছে। ফলে দুই খেলার সমর্থকদের পছন্দের ম্যাচ বেছে নিতে বাড়তি হিসাব-নিকাশ করতে হতে পারে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স