শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার
ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১১-২০২৬ ০৪:২১:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১১-২০২৬ ০৪:২১:৪৪ অপরাহ্ন
ফাইল ছবি
শিল্পাঞ্চলগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২০, গাজীপুরে ১৫ এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন জেলার বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন সর্বোচ্চ ২০ প্লাটুন সদস্য। এসব এলাকার মধ্যে রয়েছে ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া।
অন্যদিকে, গাজীপুরের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে ১৫ প্লাটুন বিজিবি। জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় তারা দায়িত্ব পালন করছেন।
নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন বিজিবি। এসব এলাকার মধ্যে রয়েছে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর সেতু ও শিমরাইল।
মাঠপর্যায়ে বিজিবির কার্যক্রম তদারকি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ ব্যবহার করে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানায়, এ ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতির নিয়মিত তথ্য সংগ্রহের পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা সদস্যরা।
শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স