ঢাবি শিক্ষিকা মোনামির নাচের ভিডিও ভাইরাল
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-১১-২০২৬ ০৬:১০:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৬ ০৬:১০:৩৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আলোচিত শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পোস্টে মোনামি লেখেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অথচ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তার নাচের ভিডিও।
ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনা তুলে ধরে তিনি জানান, প্রথমে তার এক বন্ধু ভিডিওটি ফেসবুকে শুধু বন্ধুদের দেখার জন্য শেয়ার করেছিলেন। পরে তিনি নিজেও নিজের অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। তার ধারণা ছিল, বিষয়টি নিজের বন্ধুতালিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমের কাছে সরবরাহ করেছেন বলে মনে করছেন তিনি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মোনামি বলেন, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।
নিজের নাচ নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, নান্দনিকভাবে নাচার জন্য তার বয়স কিংবা শারীরিক গঠন তথাকথিত আদর্শ নাও হতে পারে। তবে একজন মানুষের নাচের ক্ষেত্রে বয়স বা শারীরিক গঠন কেন অপরিহার্য মানদণ্ড হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
নাচের ভিডিও ছড়িয়ে পড়লে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রল বা সমালোচনার মুখে পড়তে পারেন, সে বিষয়ে আগে থেকেই ধারণা ছিল বলে জানান শেহরীন আমিন ভুইয়া মোনামি। তবে এসব নিয়ে তিনি চিন্তিত নন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিকা আরও জানান, এটি তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার দীর্ঘদিনের। ভবিষ্যতে আবারও এমন সুযোগ পেলে একইভাবে নাচবেন বলেও জানান তিনি। নাচের কারণে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই তার। বরং এটিকে আনন্দ প্রকাশের স্বাভাবিক অভিব্যক্তি হিসেবে দেখছেন তিনি।
পোস্টের শেষাংশে মোনামি লেখেন, “একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।”
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স