ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাট আদায়ে কয়েক বছরের রেকর্ড ভাঙল এনবিআর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৩:২৯:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৩:২৯:৪৫ অপরাহ্ন
ভ্যাট আদায়ে কয়েক বছরের রেকর্ড ভাঙল এনবিআর ফাইল ছবি
বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), মূল্য সংযোজন কর (ভ্যাট) চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। গত কয়েক মাসের মধ্যে এটি ইউনিটটির সর্বোচ্চ রাজস্ব আহরণ।

গত অর্থবছরের একই মাসের তুলনায় এ সময়ে রাজস্ব আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা, যা ৩৪ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধির প্রতিফলন।

এলটিইউ ভ্যাটের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সেই হিসাবে চলতি অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

অক্টোবর মাস পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা।

লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হলেও আগের কয়েক মাসের ৩০ শতাংশের বেশি ঋণাত্মক প্রবৃদ্ধির ধারা কাটিয়ে অক্টোবর মাসে রাজস্ব আদায়ে ৩৪ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন বিশেষ তাৎপর্য বহন করছে। এতে এলটিইউ ভ্যাটের রাজস্ব আহরণে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এলটিইউ ভ্যাটের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক অর্থবছরের অক্টোবর মাসের তুলনায় চলতি অর্থবছরের অক্টোবর মাসে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা, ২০২৩-২৪ অর্থবছরের একই মাসে ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবর মাসে ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছিল।

এ ধারাবাহিকতায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায় ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকায় উন্নীত হওয়া এলটিইউ ভ্যাটের রাজস্ব আহরণে ধারাবাহিক অগ্রগতির চিত্র তুলে ধরে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ