বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-১১-২০২৬ ০২:৫২:০১ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৬ ০৫:০৬:৫৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন ঘিরে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ রাজধানী ও দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্ত সংখ্যক সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে যুক্ত থাকবে।
বিজয় দিবসের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণকালে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে স্মৃতিসৌধের ভেতরে ও প্রবেশপথে নজরদারি বাড়ানো হবে।
সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য অনুষ্ঠানস্থলেও নিরাপত্তা জোরদার করা হবে।
যানজট নিয়ন্ত্রণ ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এসব তথ্য জানান।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স