ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০২:৩১:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০২:৩১:০৮ অপরাহ্ন
সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি ছবি : সংগৃহীত
দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যে কোন ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সদর দপ্তরের নির্দেশে সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম চলছে এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে। রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চলাইট বসানোর কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এতে দুর্গম আর অন্ধকার এলাকাতেও কোন সন্দেহজনক গতিবিধি দেখা দিলে দ্রুত তা শনাক্ত করতে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা যাবে।

দিনাজপুর ব্যাটালিয়ন বিজিবি-৪২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় মানুষের সহযোগিতা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় সবার প্রতি অনুরোধ, নিষিদ্ধ, বিতর্কিত কিংবা অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাবেন। আপনাদের সচেতনতা আর সহযোগিতাই সীমান্তকে আরও নিরাপদ রাখবে।

তিনি আরও জানান, কোন বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করলে তাকে আটক করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোন ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে ঢুকতে বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। 

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা আর মানুষের জানমাল রক্ষায় আমরা পেশাদারীত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। সীমান্তে যে কোন অবৈধ তৎপরতা ঠেকাতে আমাদের নজরদারি ও অভিযান চলমান থাকবে।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ