ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগাম তরমুজে সাফল্যের হাসি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০২:০৪:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০২:০৪:১৮ অপরাহ্ন
আগাম তরমুজে সাফল্যের হাসি ফাইল ছবি
ভোলার চরফ্যাশন উপজেলার তেঁতুলিয়া নদীর বালুময় চরে ‘মালচিং’ পদ্ধতিতে আগাম তরমুজ চাষ করে অর্থনৈতিক সাফল্যের দেখা পেয়েছেন কৃষকরা। বিগত বছরগুলোতে লোকসান হলেও চলতি মৌসুমে আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে তরমুজ চাষের খরচ যেমন উল্লেখযোগ্য হারে কমেছে, তেমনি বাম্পার ফলন পেয়েছেন চাষিরা। ফলে ক্ষেত থেকেই ভালো দামে তরমুজ বিক্রি করতে পেরে আনন্দিত তারা।

​মালচিং পদ্ধতিতে জমিতে উঁচু বেড তৈরি করে বিশেষ ধরনের পলিথিন বা মালচিং পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়। এ পেপারের এক পাশ কালো, অন্য পাশ রুপালি। কালো অংশ নিচে ও রুপালি অংশ ওপরে রেখে জমি ঢেকে দেওয়া হয়। ফলে মাটির আর্দ্রতা দীর্ঘ সময় থাকে। সেচের পানি কম লাগে। আগাছা জন্মাতে পারে না এবং পোকামাকড়ের আক্রমণও কম হয়। 

​উপজেলার মুজিবনগর এলাকার তেঁতুলিয়া নদীর চরজুড়ে এখন কেবলই তরমুজের সবুজ লতা আর পাতার সমাহার। মালচিং পেপারে ঢাকা জমির আড়ালে বড় হচ্ছে বিভিন্ন জাতের সুস্বাদু তরমুজ। উৎপাদিত এসব তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

​স্থানীয় কৃষক জোবায়ের মিয়াজী বলেন, “১৫০ শতাংশ জমিতে তরমুজ চাষে আমার প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। আবহাওয়া ও বাজারদর অনুকূলে থাকলে সব খরচ বাদ দিয়ে প্রায় আট লাখ টাকা লাভের আশা করছি।”

তিনি বলেন, “বর্ষার শেষ সময়ে বিগ ফ্যামিলি, সুইট ফ্যামিলি, জুপিটার, গ্রেট কিং ও গ্রেট ওয়ান জাতের তরমুজ চাষ করে দারুণ সাড়া পেয়েছি। আগাম চাষ করায় বাজারেও তরমুজের ভালো চাহিদা ও দাম পাওয়া যাচ্ছে।”

​অপর কৃষক ফারুক শিকদার জানান, জমিতে উঁচু বেড তৈরির পর চিকন নালার মাধ্যমে সরাসরি গাছের গোড়ায় পানি দেওয়া হয়, এতে পানি অপচয় হয় না। খরচ ও শ্রম কম লাগায় কৃষকদের মাঝে এ পদ্ধতিতে তরমুজ চাষের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।

​বেলাল কাজী নামে এক কৃষক জানান, অতীতে সনাতন পদ্ধতিতে তরমুজ চাষ করে তাদের লোকসানের মুখে পড়তে হতো। এবার মালচিং পদ্ধতির কল্যাণে সেচের পানি, শ্রমিক ও কীটনাশকের খরচ অনেকটাই কমে গেছে। এমনকি জমির লবণাক্ততা নিয়েও তাদের আগের মতো দুশ্চিন্তা করতে হচ্ছে না।

​উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জানান, মুজিবনগর এলাকার উপকূলীয় চরে প্রায় ৬৪ দশমিক ৭৫ হেক্টর জমিতে শতাধিক কৃষক আগাম তরমুজ চাষ করেছেন। বর্তমানে প্রতিটি তরমুজ গড়ে প্রায় ২০০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ