আগাম বন্যায় ফসলহানির ঝুঁকি কমানোর উদ্যোগ
হাওরের কৃষিতে নতুন দিগন্ত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-১১-২০২৬ ০১:৫৮:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৬ ০৩:২৫:০৪ অপরাহ্ন
ফাইল ছবি
হাওরাঞ্চলে আগাম বন্যার ঝুঁকি মোকাবেলা এবং বোরো ধানের ফসলহানি কমাতে স্বল্প জীবনকালসম্পন্ন উচ্চফলনশীল জাত ব্রি ধান-১১৮-এর চাষ সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে হাওরাঞ্চলের সাত জেলায় ১ হাজার ৬০০টি প্রদর্শনী প্লটে এ জাতের বীজতলা তৈরি করা হয়েছে।
এসব প্রদর্শনী প্লটের জন্য প্রাথমিকভাবে ৩০ মেট্রিক টন বীজ সরবরাহ করা হয়েছে। এর ফলে চলতি মৌসুমেই হাওরের কৃষকরা আগাম পরিপক্ব হওয়া এ জাতের ধান চাষের সুযোগ পাবেন।
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত এ জাতটি হাওরাঞ্চলের কৃষির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিবছর আকস্মিক আগাম বন্যায় আধাপাকা থেকে পাকা বোরো ধান তলিয়ে যাওয়ায় হাওরের কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন।
বিশেষ করে এপ্রিল মাসে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে বিস্তীর্ণ হাওর এলাকার ধান কাটার আগেই পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
এ পরিস্থিতিতে প্রচলিত জাতের তুলনায় ৭ থেকে ১০ দিন আগে বপন ও কর্তন করা যায় বলে ব্রি ধান-১১৮ হাওরের কৃষকদের জন্য নতুন বিকল্প সম্ভাবনা তৈরি করেছে।
ব্রি সূত্রে জানা গেছে, জাতটির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রজনন পর্যায়ে ঠান্ডা সহনশীলতা। হাওরাঞ্চলে শীতের তীব্রতা ও তাপমাত্রার ওঠানামার মধ্যেও এ জাতটি ভালো ফলন দিতে সক্ষম।
ফলে আগাম বপনের মাধ্যমে ধান দ্রুত পরিপক্ব করে স্বাভাবিক সময়ের আগেই কাটা সম্ভব হবে। এতে আগাম বন্যার ঝুঁকিপূর্ণ সময় শুরু হওয়ার আগেই ফসল ঘরে তোলার সুযোগ তৈরি হবে।
পরীক্ষায় দেখা গেছে, ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে ব্রি ধান-১১৮ বপন করা হলে প্রজনন পর্যায়ে গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও হেক্টরপ্রতি প্রায় ৬ টন ফলন পাওয়া যায়। অন্যদিকে, স্বাভাবিক সময়ে অর্থাৎ ১৫ থেকে ২০ নভেম্বরের মধ্যে বপন করে পরীক্ষামূলকভাবে ১৪৫ দিনে হেক্টরপ্রতি সর্বোচ্চ ৬ দশমিক ৯ টন ফলন পাওয়া গেছে।
জাতটির গড় ফলন হেক্টরপ্রতি ৬ দশমিক ৭৭ টন।
উপযুক্ত পরিবেশ ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে হেক্টরপ্রতি সর্বোচ্চ ৮ দশমিক ৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। এ জাতের জীবনকাল সাধারণত ১৪৫ থেকে ১৪৮ দিন। তবে শীতের তীব্রতার ওপর নির্ভর করে তা ১৫০ থেকে ১৫৭ দিন পর্যন্ত হতে পারে।
ব্রি ধান-১১৮-এর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর গাছ শক্ত ও মজবুত। ফলে ঝড়-বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ায় গাছ সহজে হেলে পড়ে না। ধান পাকার সময়ও এর ডিগ পাতা সবুজ থাকে, যা জাতটির শারীরবৃত্তীয় সক্ষমতার পরিচায়ক। এ ছাড়া প্রচলিত জাতের তুলনায় এতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম হয়।
ব্রি’র পরিচালিত ফলন পরীক্ষায় ১০টি অঞ্চলে জাতটি ব্রি ধান-২৮-এর তুলনায় প্রায় ২২ দশমিক ৮৩ শতাংশ বেশি ফলন দিয়েছে। উচ্চ ফলনক্ষমতা, আগাম পরিপক্বতা এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতা বিবেচনায় হাওরাঞ্চলে বোরো ধানের উৎপাদন সুরক্ষায় জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কৃষি বিশেষজ্ঞরা মনে করেন, হাওরাঞ্চলে ধান উৎপাদন বাড়াতে শুধু উচ্চফলনশীল জাত উদ্ভাবনই যথেষ্ট নয়। স্থানীয় আবহাওয়া ও আগাম বন্যার সময় বিবেচনায় নিয়ে সঠিক সময়ে বপন ও ধান কাটা নিশ্চিত করাও জরুরি। এ ক্ষেত্রে ব্রি ধান-১১৮-এর আগাম বপন ও পরিপক্ব হওয়ার বৈশিষ্ট্য কৃষকদের ফসল ব্যবস্থাপনায় নতুন সুযোগ তৈরি করবে।
সাতটি জেলার ১ হাজার ৬০০ প্রদর্শনী প্লটে এ জাতের বীজতলা তৈরি মূলত কৃষক পর্যায়ে এর চাষ সম্প্রসারণ ও ব্যবহারিক উপযোগিতা তুলে ধরার উদ্যোগ। এসব প্রদর্শনী প্লটের মাধ্যমে কৃষকরা সরাসরি জাতটির চাষপদ্ধতি, ফলন ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে মাঠপর্যায়ে এর চাষ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
বিশেষজ্ঞদের মতে, হাওরাঞ্চলে বোরো ধানের উৎপাদনের সঙ্গে দেশের খাদ্যনিরাপত্তা গভীরভাবে জড়িত। তাই আগাম বন্যায় ফসলহানি কমাতে স্বল্প জীবনকালসম্পন্ন ও ঠান্ডা সহনশীল জাতের চাষ সম্প্রসারণ জরুরি। ব্রি ধান-১১৮-এর মতো জাত সঠিক সময়ে বপন, মানসম্মত বীজ ব্যবহার এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করা গেলে হাওরের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
সংশ্লিষ্টদের আশা, চলতি মৌসুমে প্রদর্শনী প্লটের মাধ্যমে ব্রি ধান-১১৮-এর চাষ সম্প্রসারণ হাওরাঞ্চলে আগাম বন্যার ঝুঁকি মোকাবেলা, বোরো ধানের উৎপাদন সুরক্ষা এবং কৃষকের ফসলহানি কমাতে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বোরো উৎপাদন অঞ্চল হিসেবে হাওরের খাদ্যশস্য উৎপাদন সক্ষমতা ধরে রাখতেও জাতটি অবদান রাখবে।
এ বিষয়ে ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম বলেন, হাওরাঞ্চলের কৃষকদের জন্য ব্রি ধান-১১৮ একটি সম্ভাবনাময় জাত। আগাম বন্যার কারণে প্রতিবছর হাওরের কৃষকদের বোরো ধান নিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকে। এ ঝুঁকি বিবেচনায় নিয়েই জাতটি উদ্ভাবন করা হয়েছে, যেন প্রচলিত জাতের তুলনায় ৭ থেকে ১০ দিন আগে ধান কাটা সম্ভব হয়।
তিনি বলেন, জাতটির প্রজনন পর্যায়ে ঠান্ডা সহনশীলতা, উচ্চ ফলনক্ষমতা ও স্বল্প জীবনকাল হাওরের প্রতিকূল পরিবেশে ধান উৎপাদন সুরক্ষায় সহায়ক হবে। চলতি মৌসুমে সাতটি জেলার ১ হাজার ৬০০ প্রদর্শনী প্লটের মাধ্যমে জাতটি কৃষক পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকরা আগাম বন্যার ঝুঁকি কমিয়ে নিরাপদে ফসল ঘরে তুলতে পারবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে হাওরাঞ্চলে ধানের উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ব্রি ধান-১১৮ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নতুন উদ্ভাবিত এ জাত সম্পর্কে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, হাওরের কৃষকদের দুঃখ-দুর্দশা দীর্ঘদিন ধরেই সরকারের উদ্বেগের বিষয়। সারা বছর পরিশ্রমের পর কৃষক যখন ধান ঘরে তোলার অপেক্ষায় থাকেন, তখনই অনেক সময় আগাম বন্যার পানিতে তার স্বপ্ন ও পরিশ্রম তলিয়ে যায়। কৃষকের এ কষ্ট সরকার উপলব্ধি করে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হাওরাঞ্চলের কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং আগাম বন্যার ঝুঁকি থেকে তাদের ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিশেষ অনুশাসন দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কৃষকের ফসল সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
সচিব বলেন, ব্রি ধান-১১৮ সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এ জাতের বিশেষত্ব হলো, প্রচলিত জাতের তুলনায় ৭ থেকে ১০ দিন আগে ধান কাটা সম্ভব। ফলে আগাম বন্যার ঝুঁকিপূর্ণ সময়ের আগেই কৃষক ধান ঘরে তুলতে পারবেন। চলতি মৌসুমে হাওরাঞ্চলের সাতটি জেলায় ১ হাজার ৬০০ প্রদর্শনী প্লটে এ জাতের বীজতলা তৈরি করা হয়েছে।
তিনি আরো বলেন, হাওরের কৃষক যেন সারা বছরের পরিশ্রমের ফসল নিরাপদে ঘরে তুলতে পারেন, সে প্রচেষ্টা সরকারের অব্যাহত রয়েছে। কৃষকের মুখে হাসি ফোটানো, তাদের উৎপাদিত ফসলের সুরক্ষা নিশ্চিত করা এবং কৃষিকে লাভজনক ও টেকসই করে তোলাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কৃষকের পাশে থেকে কাজ করে যাবে সরকার।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স