স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-১১-২০২৬ ১২:৩১:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৬ ১২:৫২:১৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ময়মনসিংহে ৭ বছরের শিশু কন্যার সামনে সুরুজ জামান (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ জনতা এক অভিযুক্তকে পিটিয়ে হত্যা করেছে। গণপিটুনির শিকার ওই যুবকের নাম মেহেদী হাসান (৩১)। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুরুজ জামান ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মধ্য বাড়েরা এলাকায় নিজের শিশুকন্যার সামনেই তাকে অতর্কিত ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, ২৬ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত যুবলীগ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে পরিকল্পিতভাবে এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার খবর ছড়িয়ে পড়লে রাতেই এলাকাবাসী চরম বিক্ষোভে ফেটে পড়ে। তারা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় সড়ক অবরোধ করেন এবং হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদী ও জাহাঙ্গীরের বাড়িঘর ব্যাপক ভাঙচুর করেন। একপর্যায়ে গভীর রাতে স্থানীয় ক্ষুব্ধ জনতা মেহেদীকে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জোড়া প্রাণহানির এই ঘটনার পর পুরো বাড়েরা মসজিদ মার্কেট এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স