গোপন ভোট ও ভেটোর মারপ্যাঁচে জাতিসংঘের মহাসচিব নির্বাচন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-১১-২০২৬ ০৮:০৭:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৬ ০৮:০৮:৩৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গোপন ভোট, রঙিন ব্যালট, একের পর এক অনানুষ্ঠানিক জরিপ এবং পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা- এভাবেই নির্বাচিত হতে যাচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব। এ পদে কে বসবেন, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা।
বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। এর আগেই নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শেষ করতে চাইছে জাতিসংঘ। এ পর্যন্ত আট দফা অনানুষ্ঠানিক ভোট হলেও কোনও প্রার্থীকে নিয়ে ঐকমত্য তৈরি হয়নি।
এবারের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আটজন। তাদের মধ্যে উল্লেখযোগ্য আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান এবং কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (আঙ্কটাড) প্রধান। এছাড়া রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী লানা নুসেইবেহসহ আরও ছয়জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ অষ্টম অনানুষ্ঠানিক ভোটে গ্রিনস্প্যান ১২টি সমর্থনমূলক ও তিনটি বিরোধিতামূলক ভোট পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা গ্রোসি পেয়েছেন ৯টি সমর্থন, চারটি বিরোধিতা এবং দুটি নিরপেক্ষ ভোট।
জাতিসংঘ সনদের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ মহাসচিব পদে একজনের নাম সুপারিশ করে। প্রার্থীকে অন্তত নয়টি ভোট পেতে হয় এবং পাঁচ স্থায়ী সদস্যের কারও ভেটোর মুখে পড়া চলবে না। এরপর সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স। তাদের ভেটো ক্ষমতার কারণে নির্বাচনে কার্যত এই পাঁচ দেশের অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৩১ ডিসেম্বরের মধ্যে নতুন মহাসচিব নির্বাচিত না হলে কী হবে, তা জাতিসংঘ সনদে স্পষ্ট করা নেই। প্রয়োজনে স্বল্পমেয়াদি মেয়াদে কাউকে নিয়োগ কিংবা অন্তর্বর্তী ব্যবস্থায় জাতিসংঘের কার্যক্রম পরিচালনার বিকল্প বিবেচনা করা হতে পারে। সূত্র: আল-জাজিরা
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স