আসিফকে মনে করিয়ে দিলেন রাশেদ খাঁন
‘গোপালগঞ্জ থেকে এনসিপি নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল’
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১১-২০২৬ ০৫:৪৬:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৬ ০৫:৫৭:৫১ অপরাহ্ন
আসিফ মাহমুদ কী ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিল? এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি আশা করেন, শিগগিরই সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আশার কথা জানান রাশেদ খান।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, তিনি দুই সপ্তাহে সব ঠিক করে দেবেন।
আসিফ মাহমুদের ফেসবুক পোস্টের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, ‘আসিফ মাহমুদ দুই সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির দায়িত্ব নিতে চান। আসিফ মাহমুদ কী ভুলে গেছে যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিল? সেসময় তার দলের নেতাকর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করেও নাহিদ ইসলামের উদ্ধার করার জন্য আহ্বান জানিয়ে পোস্ট করেছিল।’
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে বলে জানান তিনি। রাশেদ খান বলেন, ‘গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামী লীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।’
বর্তমান সরকার বহির্ভূত হত্যা বন্ধে বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির সময় চারজন আওয়ামী সমর্থক আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যান এবং অনেকে আহত হন। কিন্তু বিএনপি সরকার আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে একজনও মারা যাক, এটি চায় না।’
তিনি বলেন, ‘গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। আশা করি, শিগগির সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। সবচেয়ে বড় কথা, একটি নির্বাচিত সরকার যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বদ্ধপরিকর, সেই সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।’
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স