আজিমপুরে গোপন বৈঠক, আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১১-২০২৬ ১২:৪৪:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১১-২০২৬ ১২:৪৪:৩৯ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৩ নভেম্বর আজিমপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও তাতে অংশ নিয়েছিলেন। পরে নিজেদের মধ্যে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)। রোববার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লালবাগ থানা পুলিশ জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে লালবাগ থানাধীন আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর আলম একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন তারা। পরদিন ১৪ নভেম্বর সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন তারা। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স