ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৬:৪৫:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৬:৪৫:৪৭ অপরাহ্ন
​সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত ​ছবি: সংগৃহীত
দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসেছিল ভারত। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে ব্যবহার করা হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। প্রযুক্তির ব্যবহারে দুটি সিদ্ধান্ত যায় ভুটানের অনুকূলে। কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতার রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারতকে আটকাতে পারেনি তারা।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) ভুটানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। এ নিয়ে ১৪তমবারের মতো সাফের ফাইনালে উঠল তারা। ২০১৮ সালের আসরেই কেবল ফাইনাল খেলতে পারেনি ভারত।

প্রথমবারের মতো ফাইনাল খেলতে মুখিয়ে থাকা ভুটানের বিপক্ষে ভারতের শুরুটা হয় দারুণ। অষ্টম মিনিটেই এগিয়ে যায় তারা। লুঙ্গদিমের ফ্রি-কিকে প্রথম স্পর্শে বলের নিয়ন্ত্রণ নেন বিষ্ণু পুথিয়াল। এরপর একজন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় ভারত। কর্নারের পর বক্সের জটলার ভেতর থেকে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন কনশ্যাম সিং। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শিরোপাধারীরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমায় ভুটান। ৪৮তম মিনিটে অধিনায়ক চেনচো গাইয়েলতসেনের পাসে হেডে লক্ষ্যভেদ করেন কিনজ্যাং তাশি টবডেন। এই গোলের সময় অফসাইডের পতাকা ওঠে। কিন্তু ভিএআর পরীক্ষায় দেখা যায়, অফসাইড হয়নি। ফলে গোলটি বহাল থাকে।

ভারত-ভুটান প্রথম সেমিফাইনাল দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভিএআর ব্যবহার করা হয়। ৬৫ মিনিটে ডি-বক্সে হ্যান্ডবলের কারণে ভারতকে পেনাল্টি দেন রেফারি। কিন্তু ভিএআর পরীক্ষায় দেখা যায়, হ্যান্ডবল হয়নি। ফলে পেনাল্টির সিদ্ধান্তও বদলে যায়।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু সতীর্থের ক্রসে দেইচং দর্জির হেড পাসে দূরের পোস্টে ফাঁকায় থাকা কিমজ্যাং তেনজিং হেড করতে ব্যর্থ হন। এমন সুযোগ নষ্টের হতাশা ফুটে ওঠে ভুটানের খেলোয়াড়দের চোখে-মুখে। এর কিছুক্ষণ পরই বাজে শেষ বাঁশি।

দ্বিতীয় সেমিফাইনালে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে নামবে ভারত।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ