ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ৫৬ খাল ও ৬২ পুকুর উদ্ধারে উদ্যোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১২:২৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১১-২০২৬ ১২:২৭:৩১ অপরাহ্ন
ঢাকার ৫৬ খাল ও ৬২ পুকুর উদ্ধারে উদ্যোগ ফাইল ছবি
অপরিকল্পিত নগরায়ণ, অবৈধ স্থাপনা এবং দখলদারদের আগ্রাসনে রাজধানী থেকে হারিয়ে যেতে বসেছে প্রাকৃতিক জলাধারগুলো। এর প্রভাব পড়ছে নগরের পানি নিষ্কাশন, পরিবেশ ও জীববৈচিত্র্যে।

এ অবস্থায় ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন ৫৬টি খাল ও ৬২টি পুকুর পুনরুদ্ধার এবং সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। দখলমুক্ত করার পাশাপাশি খালগুলোর সীমানা চিহ্নিত করে দুই পাশে গাইড ওয়াল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

জাতীয় নদী রক্ষা কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজধানীর ৫৬টি খালের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় ২৭টি রয়েছে। 
 
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, জলাধারগুলো ফিরিয়ে আনার মাধ্যমে নগরের পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যে শ্যামপুর, মান্ডা, জিরানি ও কালুনগর খাল উদ্ধারে প্রকল্প চলমান। পর্যায়ক্রমে অন্য খালগুলোতেও কাজ করা হবে।

দক্ষিণ সিটির উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে মান্ডা, জিরানি, খিলগাঁও-বাসাব, মেরাদিয়া-গজারিয়া, নন্দীপাড়া, ধোলাইখাল, শ্যামপুর, রায়েরবাজার, সেগুনবাগিচা ও গোপীবাগ।

অন্যদিকে উত্তর সিটির কল্যাণপুর, রূপনগর, বাউনিয়া, দিয়াবাড়ি, আব্দুল্লাহপুর, ইব্রাহিমপুর, কাটাসুর, রামচন্দ্রপুর, বেগুনবাড়ী, মহাখালী, শাহজাদপুর, ধউর ও সুতিভোলাসহ উল্লেখযোগ্য ১৯টি খাল রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ১০টি উদ্ধারের কাজ চলছে।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন খালের ওপর গড়ে উঠেছে বসতবাড়ি, বহুতল ভবন, দোকান, বিপণিবিতান, কারখানা, গুদাম ও পরিবহনসংশ্লিষ্ট স্থাপনা। কোথাও তৈরি হয়েছে গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ। এসব অবৈধ নির্মাণের কারণে পানির স্বাভাবিক চলাচলের পথ সংকুচিত হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাবরিন সুলতানা বলেন, খালে বর্জ্য ফেলে পানি দূষণ কিংবা পরিবেশের ক্ষতি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগ বলেন, জলপ্রবাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি ও বর্জ্য নদীতে পৌঁছাতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তাঁর মতে, উচ্ছেদের পর পুনরায় দখল ঠেকাতে নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি। অতীতে নজরদারির অভাবে উদ্ধার করা অনেক জায়গা আবারও বেদখল হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, উদ্ধার কার্যক্রমে ভূমি প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও ঢাকা মহানগর পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দায়িত্ব পালন করছে। জমির মালিকানা যাচাই, সীমানা নির্ধারণ, উচ্ছেদ অভিযান এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ ভবন ও আবাসন প্রকল্পের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের মতে, খাল-পুকুরের অস্তিত্ব ফিরলে বৃষ্টির পানি দ্রুত সরানোর পাশাপাশি ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়বে। জলজ প্রাণী ও পাখির আবাসস্থল রক্ষা পাবে। পাশাপাশি জলাধারগুলো জরুরি প্রয়োজনে পানির উৎস হিসেবে ব্যবহার করা যাবে। খালের দুই পাশে সবুজায়ন ও হাঁটার পরিবেশ তৈরি করা সম্ভব হলে নগরের তাপমাত্রা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে এসব উদ্যোগ।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ