২৬ স্যাটেলাইট নিয়ে ৪০ তলার সমান বিশ্বের সর্ববৃহৎ রকেট উৎক্ষেপণ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৪-১১-২০২৬ ১১:৪৩:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৪-১১-২০২৬ ১১:৪৩:০৮ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। তবে ইতিহাসে প্রথমবারের মতো পুরো উৎক্ষেপণব্যবস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টায় আংশিক সফল হয়েছে প্রতিষ্ঠানটি। পরিকল্পনা অনুযায়ী উৎক্ষেপণের পর রকেটটির বুস্টার উৎক্ষেপণকেন্দ্রে ফিরে আসতে পারেনি। বরং আগুনের গোলায় পরিণত হয়ে মেক্সিকো উপসাগরে আছড়ে পড়ে সেটি।
আরটির প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসে স্পেসএক্সের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্র থেকে ১২৪ মিটার বা ৪০৭ ফুট বা প্রায় ৪০ তলা ভবনের সমান উচ্চতার স্টারশিপ রকেটটি উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে ২৬টি নতুন প্রজন্মের স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়।
এই অভিযানের মূল লক্ষ্য ছিল বিশাল রকেটটির দুটি অংশই উৎক্ষেপণকেন্দ্রে ফিরিয়ে আনা। এরপর উৎক্ষেপণ টাওয়ারে যুক্ত বিশাল যান্ত্রিক বাহুর সাহায্যে সেগুলো ধরে ফেলার পরিকল্পনা ছিল। এভাবে রকেটের দুই অংশ পুনরুদ্ধার করে সংস্কার ও পুনরায় ব্যবহারের উপযোগী করতে চায় স্পেসএক্স।
তবে পরিকল্পনা অনুযায়ী সুপার হেভি বুস্টারটি টাওয়ারে ফিরে আসতে ব্যর্থ হয়। এর পরিবর্তে মেক্সিকো উপসাগরে আগুনের গোলায় পরিণত হয়ে পড়ে সেটি। এ ব্যর্থতার কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি স্পেসএক্স। তবে নিরাপত্তাব্যবস্থা সক্রিয় হয়ে বুস্টারটিকে উপকূল থেকে দূরে সমুদ্রে অবতরণের পথে পরিচালিত করে।
অন্যদিকে, স্টারশিপের ওপরের অংশটি সফলভাবে কক্ষপথে পৌঁছে স্যাটেলাইটগুলো ছাড়তে সক্ষম হয়। পৃথিবীকে প্রায় ১৫ বার প্রদক্ষিণ করার পর শনিবার টেক্সাসে ফিরে আসার কথা রয়েছে এটির। তখন উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহু দিয়ে মহাকাশযানটিকে ধরে ফেলার পরিকল্পনা করেছে স্পেসএক্স। এই প্রচেষ্টা সফল হলে কক্ষপথ থেকে স্টারশিপ মহাকাশযান পুনরুদ্ধারের ক্ষেত্রে ইতিহাসে প্রথম নজির তৈরি হবে।
এর আগে স্পেসএক্স তিনবার সুপার হেভি বুস্টারকে সফলভাবে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে ধরে ফেলেছে। তবে ওপরের অংশটি পুনরুদ্ধার করা আরও কঠিন। কারণ, কক্ষপথের গতিতে চলার পর বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ ও চাপ সহ্য করতে হবে মহাকাশযানটিকে।
নাসার আর্টেমিস কর্মসূচিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্টারশিপের। এই কর্মসূচির আওতায় মার্কিন নভোচারীদের চাঁদে অবতরণের জন্য মহাকাশযানটির পরিবর্তিত সংস্করণ তৈরি করছে স্পেসএক্স। সর্বশেষ পরীক্ষামূলক উৎক্ষেপণের আগে গত সেপ্টেম্বরে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছিল স্টারশিপ। ওই ফ্লাইটেই প্রথমবারের মতো কক্ষপথে পৌঁছাতে সক্ষম হয় বিশাল এই রকেট।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স