জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-১১-২০২৬ ১১:৪১:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৪-১১-২০২৬ ১১:৪১:৩৬ পূর্বাহ্ন
ফাইল ছবি
ধর্মীয় বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠান ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের’ (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে বেআইনি ঘোষণা করেছে নয়াদিল্লি। এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর ৩ ধারার উপধারা ১ ও ৩ অনুযায়ী এই নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত জানায়। প্রতিষ্ঠানটির ওপর আগের পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালের ১৪ নভেম্বর পর্যন্ত জারি ছিল। আর নতুন আদেশের ফলে সরকারি গেজেট প্রকাশের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর কার্যকর থাকবে নিষেধাজ্ঞা।
২০১৬ সালের নভেম্বরে প্রথমবার আইআরএফকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। পরে ২০২১ সালের নভেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। আগের দুই দফার নিষেধাজ্ঞাই যথাক্রমে ২০১৭ সালের মে ও ২০২২ সালের মার্চে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) ট্রাইব্যুনালে বহাল থাকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশে বলা হয়েছে, আইআরএফ এবং এর সদস্যরা, বিশেষ করে এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. জাকির আব্দুল করিম নায়েক, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করছেন।
মন্ত্রণালয়ের দাবি, জাকির নায়েকের বক্তব্য ও বিবৃতি আপত্তিকর ও উসকানিমূলক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক, ইন্টারনেট, মুদ্রিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে উগ্র বার্তা পৌঁছে দিয়েছেন। এসব বক্তব্য ভারত ও বিদেশের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে অনুপ্রাণিত করেছে বলেও দাবি করা হয়েছে।
কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড অবিলম্বে নিয়ন্ত্রণ করা না হলে আইআরএফের সঙ্গে সংশ্লিষ্ট আত্মগোপনে থাকা কর্মীদের পুনরায় সংগঠিত করতে পারে। পাশাপাশি দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো বিঘ্নিত করা, ভারতবিরোধী মনোভাব ছড়ানো এবং সশস্ত্র তৎপরতায় সমর্থনের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড বাড়ানোর আশঙ্কা রয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স