ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গরম পানিতে ঝলসে দেওয়া সেই আফরিন আর নেই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১১-২০২৬ ১১:০৩:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-১১-২০২৬ ১১:০৩:২৯ পূর্বাহ্ন
গরম পানিতে ঝলসে দেওয়া সেই আফরিন আর নেই ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তার মারা গেছে। ঘটনার প্রায় দেড় মাস পর শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।

এর আগে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক মাস চিকিৎসাধীন ছিল আফরিন। তবে আর্থিক সংকটের কারণে চিকিৎসা সম্পন্ন না করেই তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। বাড়িতে ফেরার ১৭ দিন পর তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে জাকিরের স্ত্রী সোনিয়া আক্তার বিভিন্ন সময় রওশন আরার পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন।
 
গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও তার পরিবারের সদস্যরা আফরিনকে বাড়িতে রেখে বাইরে যান। ওই সময় সে ঘুমিয়ে ছিল।

পরিবারের অভিযোগ, এ সুযোগে সোনিয়া আক্তার ঘরে ঢুকে আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সেখানে প্রায় এক মাস চিকিৎসা চলে আফরিনের।

তবে হাসপাতালের চিকিৎসার পাশাপাশি থাকা-খাওয়া ও যাতায়াতের ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়ে পরিবারটি। একপর্যায়ে চিকিৎসা সম্পন্ন না করেই মেয়েকে বাড়িতে নিয়ে আসেন তারা।

এ ঘটনায় স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে ২৭ অক্টোবর আফরিনের মা রওশন আরা চারজনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন। সেই মামলায় অভিযুক্ত জাকির হোসেন, তার স্ত্রী সোনিয়া আক্তার ও সোনিয়ার বোনজামাই মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা নারায়ণগঞ্জ কারাগারে রয়েছেন।

আফরিনের মা রওশন আরা বলেন, অর্থাভাবে মেয়ের চিকিৎসা শেষ না করেই বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার বিচার-সালিশের আয়োজন করা হয়েছিল। ভাই-ভাবির বিরুদ্ধে মামলা করার ইচ্ছা ছিল না তার। মেয়ের চিকিৎসার খরচ বহন করলে বিষয়টি মীমাংসা হতে পারত। কিন্তু চিকিৎসার অর্থের অভাবে তার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে তিনি সুষ্ঠু বিচার চান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, শুক্রবার বিকেলে কিশোরীর দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় তার মায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ