ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীসহ যারা পাবেন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১১:২১:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১১:২১:০৫ পূর্বাহ্ন
জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীসহ যারা পাবেন ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংক প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা, নিম্ন আয়ের পেশাজীবী, ছোট ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য ঋণপ্রাপ্তির সুযোগ আরো সহজ ও প্রসারিত করেছে। নতুন সংশোধিত নীতিমালা অনুযায়ী, গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ তুলতে পারবেন।

বিশেষ স্বস্তি হিসেবে, পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের বিপরীতে কোনো ধরনের সম্পত্তি বন্ধক কিংবা জামানত রাখার প্রয়োজন হবে না; কেবল ঋণগ্রহীতা ও সর্বোচ্চ দুপক্ষের ব্যক্তিগত জামিনের ব্যবস্থা থাকবে। এ ক্ষেত্রে গ্রাহকদের পরিশোধ করতে হবে সর্বোচ্চ সাত শতাংশ হারে সুদ বা মুনাফা।

গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বা সার্কুলার জারি করা হয়। এর মাধ্যমে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বা স্কিমের নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে, যা দেশের সব তফসিলভুক্ত ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত এই তহবিল সার্কুলার প্রকাশের তারিখ থেকে আগামী পাঁচ বছর বলবৎ থাকবে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষদের আয়বর্ধক কার্যক্রমে সম্পৃক্ত করা, তাদের জীবনযাত্রার মান উন্নত করা এবং ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

কারা এই ঋণের উপযুক্ত বা যোগ্য?
এই স্কিমের সুবিধা পেতে হলে গ্রাহকের ব্যাংকে ১০, ৫০ বা ১০০ টাকার একটি নির্দিষ্ট হিসাব থাকতে হবে। যাদের হিসাব নেই, তাদের নতুন করে এই অ্যাকাউন্ট খুলতে হবে।

নীতিমালা অনুযায়ী নিচের পেশা ও শ্রেণির মানুষ এই ঋণ পাওয়ার যোগ্য হবেন:

পেশাজীবী ও কারিগর: জেলে, ছুতোর, স্বর্ণকার, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতকারী, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, আচার-পিঠা প্রস্তুতকারক, ক্ষুদ্র তাঁতি ও চা-শ্রমিক।

ক্ষুদ্র ব্যবসায়ী: মুদি ও মনোহারি দোকানদার, ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্ট, তথ্য ও ইন্টারনেট সেবা প্রদানকারী, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা এবং শাকসবজি, ফল ও ফুল বিক্রেতা।

কৃষি ও অন্যান্য খাত: হাঁস-মুরগি, গবাদিপশু ও কবুতর পালনকারী, মৎস্য ও চিংড়ি চাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী, কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি, ফ্রিল্যান্সার এবং বিভিন্ন উদ্ভাবনী কাজের সঙ্গে জড়িতরা।

নারী উদ্যোক্তা: নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ অগ্রাধিকার রাখা হয়েছে। মোট বিতরণকৃত ঋণের অন্তত ২৫ শতাংশ নারী গ্রাহকদের মধ্যে প্রদান করতে হবে, যেখানে প্রান্তিক ও অতিক্ষুদ্র নারী উদ্যোক্তারা অগ্রাধিকার পাবেন।

কৃষক, প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ অগ্রাধিকার
কৃষক: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা ১০ টাকার হিসাব খুলে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন। তবে স্মার্ট কার্ড না থাকলেও সাধারণ কৃষকরা বঞ্চিত হবেন না।

দুর্যোগ ও বিশেষ জনগোষ্ঠী: নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প বা মহামারি ইত্যাদি দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষেরাও আয়বর্ধক কাজের জন্য এটি নিতে পারবেন।

প্রবাসী পরিবার: প্রবাসীদের রেমিট্যান্সের সুবিধাভোগী এবং বিদেশফেরত কর্মী ও তাদের পরিবার এই স্কিমের আওতায় বিশেষ সুবিধা পাবে।

শিক্ষার্থী: ২৫ বছরের কম বয়সী সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল শিক্ষার্থীরা কারিগরি, বৃত্তিমূলক ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য অভিভাবকের গ্যারান্টিতে ঋণ পাবেন। বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর সেই দক্ষতা কাজে লাগিয়ে ব্যবসা শুরু করার জন্যও ঋণের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার খরচ ও শিক্ষা উপকরণ কেনার ক্ষেত্রেও অভিভাবকের জামিনের ভিত্তিতে ঋণ গ্রহণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ঋণের পরিমাণ, জামানত ও দলগত ঋণ ব্যবস্থা
একজন একক গ্রাহক বা অতিক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন, যা তার প্রকৃত প্রয়োজনের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে। পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের বিপরীতে কোনো রূপ জামানত লাগবে না, তবে সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি থাকতে হবে।

দলগতভাবে ঋণ নেওয়ার ক্ষেত্রে ২ থেকে ৫ জনের একটি দল গঠন করা যাবে। এ ক্ষেত্রে দলীয় প্রতি সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা এবং পুরো দল মিলে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ তুলতে পারবে। তবে পরিশোধের ক্ষেত্রে দলের সবাই যৌথ ও ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন। অনুমোদিত পুরো ঋণের অর্থ ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাবের মাধ্যমেই কেবল বিতরণ করা হবে।

সুদের হার ও পরিশোধের সময়সীমা
কেন্দ্রীয় ব্যাংক অংশগ্রহণকারী বাণিজ্যিক ব্যাংকগুলোকে এক শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। তবে সাধারণ গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদ বা মুনাফার হার হবে সাত শতাংশ। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো তাদের নিজস্ব নিয়মে অর্থায়ন করলেও মুনাফার হার সাত শতাংশের বেশি হতে পারবে না।

ঋণ পরিশোধের শুরুতে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা বিরতি পাওয়া যাবে। এই গ্রেস পিরিয়ডসহ ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে ৬০ মাস বা পাঁচ বছর। বিরতি শেষ হওয়ার পর ব্যাংকগুলো ত্রৈমাসিক, মাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক কিস্তির মাধ্যমে আসল ও মুনাফা আদায় করতে পারবে।

ঋণ কাদের দেওয়া হবে না এবং যাচাই প্রক্রিয়া
কোনো ঋণখেলাপি ব্যক্তি এই স্কিম থেকে ঋণ পাবেন না। এছাড়া সরকার বা বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো পুনঃঅর্থায়ন স্কিম বা সুদ ভর্তুকির আগের ঋণ পরিশোধ বা সমন্বয় না করে থাকলে নতুন এই সুবিধা পাওয়া যাবে না।

ঋণ মঞ্জুর করার পূর্বে গ্রাহকের আগের ঋণের তথ্য যাচাই করতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি (CIB) প্রতিবেদন তোলার কোনো ফি নেওয়া যাবে না।

ব্যাংকগুলো নিজেদের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, এমএফএস এবং অনলাইন বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এই ঋণ বিতরণ ও কিস্তি সংগ্রহ করতে পারবে। নির্ধারিত চার্জ ছাড়া অতিরিক্ত কোনো সার্ভিস ফি নেওয়া যাবে না। ব্যাংকগুলোকে ঋণের সঠিক ব্যবহার তদারকি করতে হবে এবং প্রতি তিন মাসের তথ্য নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ