ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ডেঙ্গুতে আরও তিন মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:২৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:২৭:৪৯ অপরাহ্ন
​ডেঙ্গুতে আরও তিন মৃত্যু ​ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮১ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের একজন করে রয়েছেন।

এক দিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৯২৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২০৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯৯ জন ভর্তি হয়েছেন। অন্যদিকে ঢাকা মহানগরের বাইরের জেলাগুলোতে ভর্তি হয়েছেন ৬২২ জন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনায় ২২৪ জন, রাজশাহীতে ২১৬ জন, বরিশালে ১৮৫ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৬৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১ হাজার ৩৩৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪ হাজার ৫৭৭ জন ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর মারা যান ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। সে বছর মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, যা দেশে এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ