ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​কনসার্টের একদিন আগে বাতিল লাকি আলীর বাংলাদেশ সফর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৫:১৫:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:৪৮:২৩ অপরাহ্ন
​কনসার্টের একদিন আগে বাতিল লাকি আলীর বাংলাদেশ সফর ​ছবি: সংগৃহীত
কনসার্টের একদিন আগে সুনির্দিষ্ট কারণ না জানিয়ে সংগীতশিল্পী লাকি আলীর বাংলাদেশ সফর বাতিলের কথা জানানো হয়েছে।

আয়োজক ‘ইকিউব এন্টারটেইনমেন্ট’ বুধবার (১১ নভেম্বর) ফেইসবুক পোস্টে বলেছে, “অনিবার্য পরিস্থিতির কারণে দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লাকি আলীর বাংলাদেশ সফরের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এটি আর অনুষ্ঠিত হচ্ছে না। সব টিকেট এখন থেকে অকার্যকর বলে গণ্য হবে।”

‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামে বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রামের র‍্যাডিসন ব্লুতে এবং পরদিন শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার মাদানী অ্যাভেনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তিন বছর পর বাংলাদেশের শ্রোতাদের সামনে গান শোনানোর এ আয়োজনে লাকি আলীর পাশাপাশি বাংলাদেশের কয়েকটি ব্যান্ডেরও পারফর্ম করার কথা ছিল।

এই কনসার্টের টিকেট তিনটি ভিন্ন ক্যাটাগরিতে দাম নির্ধারণ করা হয়েছিল। ৪ হাজার টাকা (জেনারেল), ৭ হাজার টাকা (প্রিমিয়াম) এবং ১২ হাজার টাকা (ভিআইপি)।

ফেইসবুক পোস্টে টিকেটের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া জানিয়ে ইকিউব এন্টারটেইনমেন্ট লিখেছে, ইতোমধ্যে যেসব দর্শক রিফান্ডের আবেদন করেছেন, তাদের অর্থ ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হয়েছে।

যারা এখনো সাড়া দেননি, তাদের পাঠানো রিফান্ড ই-মেইল খুলে ‘গেট মাই রিফান্ড’ অপশনে ক্লিক করতে বলা হয়েছে। সেখানে বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করলে ২৪ ঘণ্টার মধ্যে টিকেটের মূল্য ফেরত পাওয়া যাবে। ই-মেইলটি ইনবক্সে খুঁজে না পেলে স্প্যাম ফোল্ডার চেক করার পরামর্শ দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

আগামী সোমবার পর্যন্ত রিফান্ডের জন্য সাড়া দেওয়া যাবে। নির্ধারিত এ সময়ের পর টিকেট কেনার সময় ব্যবহৃত কার্ড বা মোবাইল ওয়ালেটেই স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরত পাঠানো হবে; সে ক্ষেত্রে ৭ থেকে ১০ কর্মদিবস সময় লাগতে পারে বলে পোস্টে তুলে ধরা হয়েছে।

কনসার্ট স্থগিতের কারণ জানতে ‘ইকিউব এন্টারটেইনমেন্ট’ এর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

এর আগে ২০২৩ সালে বাংলাদেশে এসে একক কনসার্টে ঢাকার শ্রোতাদের মাতিয়েছিলেন লাকি আলী।

নব্বইয়ের দশকের ইন্ডি-পপ ধারায় স্বতন্ত্র গায়কির জন্য পরিচিত লাকি আলী ১৯৯৬ সালে ‘সুনো’ অ্যালবামের ‘ও সানাম’ গান দিয়ে বিপুল জনপ্রিয়তা পান।

পরে বলিউডের প্লেব্যাকেও সাফল্য পান। ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’ কিংবা ‘সফরনামা’র মত বহু গান জনপ্রিয় হয়েছে এই শিল্পীর কণ্ঠে ।

২০১৫ সালের পর বলিউডের বাণিজ্যিক প্লেব্যাক থেকে সরে এসে স্বাধীন সংগীতেই নিয়মিত পারফর্ম করছেন লাকি আলী।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ