ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​রাবিতে ভর্তি: আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা ১২ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৬:৩২:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৬:৩২:২৯ অপরাহ্ন
​রাবিতে ভর্তি: আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা ১২ ফেব্রুয়ারি ​ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে নতুন সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আগামী ১২ ফেব্রুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

বুধবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় নতুন তারিখ নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

নতুন সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের সময়সীমা নিয়ে উপাচার্য বলেন, ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। যেসব শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নেবেন, তাঁদের ফল প্রকাশের পর আবেদনের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য নতুন করে সাত দিন সময় দেওয়া হবে।

ভর্তির যোগ্যতা শিথিলের বিষয়ে ফরিদুল ইসলাম বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বাণিজ্য শাখার আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

এ ছাড়া বিজ্ঞান শাখার আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি থেকে শুরুর কথা জানানো হয়েছিল। সেই সূচিতে ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আর ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে নতুন সিদ্ধান্তে পরীক্ষার সূচি ও আবেদনের সময় পরিবর্তন করা হয়।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ