অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে যু্ক্তরাষ্ট্রের আদালতে তলব
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১০-১১-২০২৬ ০৭:২০:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৬ ০৭:২০:৫৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভারতের জাতীয় নিরাপত্তা (এনএসএ) উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলকে তলব করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ভারতীয় সংবাদ ফার্স্টপোস্টের খবরে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের একটি আদালত খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে ভারতের আদালতের মাধ্যমে এই দুই কর্মকর্তার কাছে মামলার নথিপত্র পৌঁছে দেওয়ার অনুমতি দিয়েছেন। এর ফলে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাদের কাছে তলবের নোটিশ বা সমন পৌঁছেও দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোলক ফাইলা এ আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দোভাল ও গোয়েলের কাছে সমন পাঠানোর প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
পান্নুনের দায়ের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সাবেক ‘র’ প্রধান সামন্ত গোয়েল, সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদব, ভারত সরকার এবং নিখিল গুপ্তাকে বিবাদী করা হয়েছে।
মামলার অভিযোগে পান্নুন দাবি করেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তাকে যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। তবে এগুলো বাদীপক্ষের অভিযোগ, আদালত এখনো এসব অভিযোগের সত্যতা নির্ধারণ করেননি।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে মামলার নথিপত্র ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে পৌঁছে দেওয়ার বিষয়টিও আদালতকে জানানো হয়। গত ৯ অক্টোবর কূটনৈতিক নোটের মাধ্যমে দূতাবাসে নথিপত্র হস্তান্তর করা হয়েছিল বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে দোভাল ও গোয়েলের কাছে আনুষ্ঠানিকভাবে সমন পৌঁছে দেওয়ার প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এবার ভারতের আদালতের মাধ্যমে নথিপত্র পাঠানোর অনুমতি চেয়েছিলেন পান্নুনের আইনজীবীরা।
যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক গুরপতবন্ত সিং পান্নুন নিষিদ্ধ খালিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) শীর্ষ নেতা। ভারতের সরকার ২০২০ সালে তাকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে।
একই সঙ্গে সংগঠনটিকেও বেআইনি ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে ভারত সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দেওয়ানি মামলাটি করেন পান্নুন।
অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্রের মাটিতে তাকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় কর্মকর্তাদের সংশ্লিষ্টতা ছিল। এই মামলায় সাবেক ‘র’ প্রধান সামন্ত গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিকাশ যাদব এবং নিখিল গুপ্তারের নাম রয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স