ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়? সিভিল সার্জনের বক্তব্যে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৪:৪১:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৪:৪২:৪২ অপরাহ্ন
কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়? সিভিল সার্জনের বক্তব্যে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া ​ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত
নিজের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অনুরোধ করেছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে দেওয়া তাঁর এমন বক্তব্য ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ মন্তব্য করেন তিনি। জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারির বিষয়টি আলোচনায় এলে সিভিল সার্জন বলেন, ‘আমরা যারা দূর থেকে আসা-যাওয়া করি, কালোবাজারি ধরে ফেললে টিকিট পাব কোথায়?’

তাঁর এমন বক্তব্যের পর সভার সঞ্চালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ আবেগের বশবর্তী হয়ে এ ধরনের কথা না বলার অনুরোধ জানান।

বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক ও সচেতন মহলে প্রশ্ন উঠেছে, সাধারণ যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে ওঠা টিকিট কালোবাজারি বন্ধের পরিবর্তে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা কেন এমন অবস্থান নিলেন?

রেলওয়ে নিয়ে কাজ করা সংগঠন ‘দ্য ট্রেন’-এর অ্যাডমিন সোহেল রানা ভূঁইয়া বলেন, রেলওয়ে আইন অনুযায়ী টিকিট হস্তান্তর বেআইনি এবং কালোবাজারি দণ্ডনীয় অপরাধ। আইন সম্পর্কে জানার পরও একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন বক্তব্য দেওয়া বোধগম্য নয়। আইনগত ও নৈতিকভাবে তিনি এমন অবস্থান নিতে পারেন না।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে কাজ করা সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, স্টেশনে টিকিট কালোবাজারি ভয়াবহ আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা সভায় একজন সরকারি কর্মকর্তার এ ধরনের বক্তব্য তাঁদের শঙ্কিত করেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

একদিকে সাধারণ যাত্রীদের টিকিটের জন্য দীর্ঘ ভোগান্তি, অন্যদিকে কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন—এর মধ্যেই সিভিল সার্জনের এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ