রাজশাহী বিমানবন্দরে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১১-২০২৬ ০৪:২৬:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৬ ০৫:৩৩:২৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে উদ্ধার হওয়া দুটি গ্রেনেড নিষ্ক্রিয় করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে তিন ফুট গর্তের মধ্যে বালুচাপা দিয়ে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। এ সময় আশপাশের এলাকা কেঁপে ওঠে।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতরে গ্রেনেড দুটি দেখতে পান একজন পথচারী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার স্বার্থে প্রধান ফটক বন্ধ করে দেয়। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প গেট ব্যবহার করা হয়।
পুলিশ জানায়, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এর পরও গ্রেনেড দুটি কখন কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রেনেড দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, ‘শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্ব দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়।’
তিনি আরো বলেন, ‘পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে বস্তু দুটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স