চার দিনেই ‘রামায়ণ’-এর আয় ২৩৮ কোটি রুপি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১০-১১-২০২৬ ০৩:৪৯:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৬ ০৩:৪৯:১৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বলিউড ও দক্ষিণের তারকাদের নিয়ে নির্মিত আলোচিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তির পর বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে।
প্রথম চার দিনেই ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২৩৮ কোটি রুপির বেশি।
নীতিশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তির পর দ্বিতীয় দিন শুক্রবারে (৬ নভেম্বর) আয় কিছুটা কমলেও দীপাবলি ও লক্ষ্মীপূজার উৎসব ঘিরে শনি (৭ নভেম্বর) ও রোববার (৮ নভেম্বর) সিনেমাটির আয় বেড়েছে বলে জানিয়েছে ভারতের বক্স অফিসের বাণিজ্য বিশ্লেষকেরা।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বৃহস্পতিবার ভারতে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি আয় করে সিনেমাটি।
দ্বিতীয় দিন শুক্রবার আয় প্রায় ২৫ শতাংশ কমে ৪৮ কোটি ৫ লাখ রুপিতে দাঁড়ায়। তবে শনিবার আয় বেড়ে ৬৯ কোটি ৮০ লাখ রুপি হয়, যা প্রথম চার দিনের মধ্যে সর্বোচ্চ।
চতুর্থ দিন রোববার দীপাবলি ও লক্ষ্মীপূজার দিন সন্ধ্যা পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৫৬ কোটি ১৫ লাখ রুপি। সব মিলিয়ে প্রথম চার দিন শেষে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৮ কোটি ৮৫ লাখ রুপি।
রাজ্যভিত্তিক হিসাবে এখন পর্যন্ত কর্ণাটক ও মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আয় করেছে ‘রামায়ণ’। শহরগুলোর মধ্যে টিকিট বিক্রিতে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু ও মুম্বাই।
‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্ব মুক্তি পেয়েছে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমা নিয়ে নির্মাতাদের প্রত্যাশা অনেক।
মহাকাব্য অবলম্বনে তৈরি এ সিনেমায় উঠে এসেছে রামের বনবাস, রাবণের সীতাহরণ এবং এরপর রাম ও রাবণের বাহিনীর মধ্যে যুদ্ধের কাহিনি।
নীতিশ তিওয়ারির বহুদিনের পরিকল্পনার ফসল ‘রামায়ণ’। এর আগে নির্মাতা বলেছিলেন, এই পর্যায়ে পৌঁছাতে তাঁর সাত বছর সময় লেগেছে।
পরিচালকের ভাষ্য, ‘রামের যাত্রা ভীষণ মানবিক’। তাঁরা সেই দিকটিই তুলে ধরতে চেয়েছেন।
এ সিনেমায় রাম হয়েছেন রণবীর কাপুর। অন্যান্য চরিত্রে বলিউড ও দক্ষিণের জনপ্রিয় তারকাদের সমাবেশ ঘটেছে। সাই পল্লবী হয়েছেন ‘সীতা’, সানি দেওল ‘হনুমান’, যশ ‘রাবণ’ এবং রবি দুবে হয়েছেন ‘লক্ষ্মণ’।
অযোধ্যা ও লঙ্কায় বিশাল সেট নির্মাণের পাশাপাশি উন্নত প্রযুক্তি ও দৃশ্যপ্রযুক্তির ব্যবহার করা হয়েছে।
হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি।
‘রামায়ণ’-এর দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স