জলের ওপর নীলচে-বেগুনি ফুলের মেলা, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১১-২০২৬ ১২:৩৭:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৬ ১২:৩৭:২৭ অপরাহ্ন
ফাইল ছবি
সবুজ পাতার ফাঁকে হালকা নীলচে বেগুনির পাপড়ি। পাপড়ির মাঝামাঝি অংশে নীলের ছোপ।
সেই ছোপের কেন্দ্রে আবার হলুদের ছোপ। সব মিলে নীল বেগুনি আর হলুদে ফোটা কচুরিপানার ফুলে ফুলে যখন জলাশয় ছেয়ে যায়, তখন তা জলরঙে আঁকা চিত্রকর্ম বলে মনে হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন খাল, বিল, ডোবা এমন চিত্রকর্মে সাজিয়েছে প্রকৃতি নিজেই। তীব্র খরতাপের মধ্যেও প্রকৃতির এই সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা।
রবিবার (৮ নভেম্বর) উপজেলার পৌর এলাকার বিভিন্ন জলাশয় ঘুরে দেখার সময় চোখে পড়ে কচুরিপানা ফুলের এমন মনোরম দৃশ্য। পাশের পথ দিয়ে যাওয়ার সময় অনেকেই থমকে দাঁড়াচ্ছেন সে দৃশ্য দেখে। কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ ফুলের সঙ্গে ক্যামেরাবন্দি করছেন নিজেকে। কচুরিপানা মুক্তভাবে ভাসমান এক ধরনের বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ।
আদি নিবাস দক্ষিণ আমেরিকায়। চকচকে সবুজ পাতার মাঝখান থেকে লম্বা ডাঁটায় গুচ্ছাকারে ফোটে ছয় পাপড়ির ফুল। দ্রুত বংশবিস্তার করতে সক্ষম এই উদ্ভিদ সাধারণত খাল, বিল, পুকুর ও নিচু জলাশয়ে জন্মে। একসময় জলাশয় দখল করে বেড়ে ওঠা এই উদ্ভিদই ফুল ফোটার মৌসুমে গ্রামীণ প্রকৃতিতে যোগ করতো ভিন্ন মাত্রা। ফুলটি শিশুদের কাছেও আকর্ষণীয়।
সৌন্দর্যের পাশাপাশি কচুরিপানার রয়েছে নানা ব্যাবহারিক দিক। এটি দিয়ে জৈব সার প্রস্তুত হয়। বন্যাপ্রবণ এলাকায় কচুরিপানার ভাসমান স্তর ব্যবহার করে সবজি চাষের প্রচলন রয়েছে। এ ছাড়া শুকিয়ে জ্বালানি ও গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করেন অনেকে। তবে অতিরিক্ত বংশবিস্তারের কারণে জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ও পানিপ্রবাহ ব্যাহত হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল মুমিন বলেন, এলাকার প্রায় সব জলাশয়েই এখন কচুরিপানা ফুল ফুটেছে। জলাশয় পরিষ্কারের সময় কচুরিপানা তুলে রোদে শুকিয়ে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। গবাদি পশুর খাদ্য হিসেবেও রয়েছে এর ব্যবহার রয়েছে।
কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘একসঙ্গে এত ফুল ফোটায় এর সৌন্দর্য সত্যিই অন্য রকম। ফুলের পাপড়ির নকশা ও রঙের বৈচিত্র্য সহজেই মানুষকে আকৃষ্ট করে।’
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাকুর আহমেদ বলেন, চিকিৎসকরা বলছেন, কচুরিপানা দেখতে আকর্ষণীয় হলেও এটি সরাসরি মানুষের খাবার হিসেবে গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে অপরিষ্কার জলাশয়ে বেড়ে ওঠা কচুরিপানায় জীবাণু, পরজীবী ও বিভিন্ন দূষিত পদার্থ থাকতে পারে। তাই কচুরিপানা স্বাস্থ্যের জন্য উপকারী-এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাবার হিসেবে গ্রহণ করা নিরাপদ নয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম বলেন, 'আমাদের দেশে আবাদি জমি থেকে বছরে দুই থেকে তিনবার ফসল উৎপাদন করা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করে। জমিতে ৫ শতাংশ জৈব পদার্থ থাকার কথা থাকলেও বাস্তবে রয়েছে ১ শতাংশেরও কম।
কৃষি কর্মকর্তা বলেন, জলাবদ্ধ এলাকার কচুরিপানা ব্যবহার করে পরিবেশবান্ধব নিরাপদ সবজি ও মসলা উৎপাদন করা হলে তাতে পুষ্টির যোগান হবে, পাশাপাশি পচা কচুরিপানা জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করে জমির উর্বরতা শক্তি বাড়ানো সম্ভব হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স