ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১১-২০২৬ ১২:৩৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৬ ১২:৩৩:৫৩ অপরাহ্ন
শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড ​ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মোট ৬৭৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৪৫৭টি হত্যা সংক্রান্ত। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, মামলাগুলোর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ছাড়া একই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরও ছয়টি মামলার বিচার কার্যক্রম চলছে।

গণ-অভ্যুত্থানের পর থেকেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি তার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানোর তথ্য সামনে এসেছে। তবে ওই ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার কোনো অনুমতিপত্র সংযুক্ত ছিল না বলে জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। একই বছরের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। ওই মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। ২০২৫ সালের এপ্রিলে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ মোট ১২ জনের বিরুদ্ধে এ আবেদন জমা দেয়। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেনি ইন্টারপোল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারাধীন ছয়টি মামলার মধ্যে দুটির কার্যক্রম বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। বাকি চারটি মামলা রয়েছে অভিযোগ গঠনের পর্যায়ে। প্রতিটি মামলাতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই শেখ হাসিনার

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মামলার পূর্ণাঙ্গ রায় গত ১৩ জানুয়ারি প্রকাশ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিন সময় নির্ধারিত থাকলেও ওই সময়ের মধ্যে তিনি আপিল করেননি। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এখন আর তার আপিল করার সুযোগ নেই।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর রয়েছে। তিনি দেশে ফিরে এলে পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। এ ছাড়া তার বিরুদ্ধে বিচারাধীন অন্যান্য মামলাগুলোরও বিচারপ্রক্রিয়া চলবে এবং সেগুলোতে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ