ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, তবে নৌ অবরোধ অব্যাহত: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-১১-২০২৬ ১২:০৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৬ ১২:৩৮:০৪ অপরাহ্ন
​ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, তবে নৌ অবরোধ অব্যাহত: ট্রাম্প ​ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর চাপে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসানের জোরালো ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, সামরিক দিক থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‘কার্যত শেষ’ হয়েছে। তবে আপাতত দেশটির ওপর নজিরবিহীন নৌ অবরোধ অব্যাহত রাখবে ওয়াশিংটন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘সামরিকভাবে ইরান যুদ্ধ কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি, এবং এটি মূলত ইরানের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই করা হচ্ছে।’ তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে।

এর অর্থ হলো, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং স্থল ও সাগরপথে বাণিজ্য বন্ধে ‘টাস্কফোর্স আয়রন গেট’-এর কার্যক্রম অব্যাহত থাকবে। ট্রাম্প একে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সবচেয়ে বড় নৌ অবরোধ’ হিসেবে আখ্যায়িত করেন। তবে পরিস্থিতির পরিবর্তন হলে আবারও সামরিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি ওয়াশিংটনের রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে ট্রাম্পের এই বক্তব্যকে ‘বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা’ হিসেবে কড়া সমালোচনা করেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প প্রশাসনকে ‘মরিয়া জুয়াড়ি’ আখ্যা দিয়ে বলেন, ‘তাস গুটিয়ে নিন। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া সংবাদ তৈরি বন্ধ করুন।’ অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান আলোচনার জন্য প্রস্তুত হলেও কোনো চাপ বা শক্তির কাছে আত্মসমর্পণ করবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এরপর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়াসহ উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। নয় মাস ধরে চলা এই যুদ্ধে বর্তমানে সরাসরি সংঘাত কমে এলেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ অব্যাহত রয়েছে।

যুদ্ধ বন্ধে ইরান মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা অর্থ ছাড়সহ সাতটি শর্ত দিয়েছে, যার মধ্যস্থতায় কাজ করছে কাতার। ট্রাম্প জানিয়েছেন, মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতেই নৌ অবরোধ রাখা হচ্ছে এবং ইরানের সামরিক কাঠামো ব্যাপকভাবে ধ্বংস হওয়ায় মধ্যপ্রাচ্য এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ